‘ইন্টারনেট স্লো করো’: ট্রাইব্যুনালে কাদের-পলকের ফোনালাপ

প্রকাশ: রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ণ
‘ইন্টারনেট স্লো করো’: ট্রাইব্যুনালে কাদের-পলকের ফোনালাপ
ট্রাইব্যুনালে উপস্থাপিত কাদের-পলকের ফোনালাপের নথি

নিজস্ব প্রতিবেদকঃ জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ফোনালাপের অডিও রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন।

আজ রবিবার (৯ আগস্ট, ২০২৬) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ যুক্তিতর্ক উপস্থাপনের সময় এই অডিও রেকর্ডটি শোনানো হয়। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মামলাটিতে ওবায়দুল কাদের ছাড়াও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে আসামি করা হয়েছে।

ট্রাইব্যুনালে শোনানো কল রেকর্ডে ইন্টারনেট পরিষেবা ধীরগতি করা নিয়ে জুনাইদ আহমেদ পলকের সঙ্গে ওবায়দুল কাদেরের কথোপকথন তুলে ধরা হয়।

উপস্থাপিত ফোনালাপের বিবরণ:

  • জুনাইদ আহমেদ পলক: ‘আসসালামু আলাইকুম ভাই, পলক বলছি।’

  • ওবায়দুল কাদের: ‘এটা একটু স্লো করে দাও, ইন্টারনেট।’

  • জুনাইদ আহমেদ পলক: ‘জ্বি, একটু নেত্রীর পারমিশনটা নিয়া নিই।’

  • ওবায়দুল কাদের: ‘নিয়া নাও।’

  • জুনাইদ আহমেদ পলক: ‘জ্বি আচ্ছা।’

প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, গণঅভ্যুত্থান চলাকালে দেশজুড়ে তথ্যপ্রবাহ ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত করতে তৎকালীন সরকারের নীতিনির্ধারকদের প্রত্যক্ষ নির্দেশনার প্রমাণ হিসেবে এই অডিও রেকর্ডটি ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন