উপকূলীয় বাসিন্দাদের জীবন ও সম্পদ রক্ষায় সরকার কাজ করছে: তথ্যমন্ত্রী

প্রকাশ: রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ণ
উপকূলীয় বাসিন্দাদের জীবন ও সম্পদ রক্ষায় সরকার কাজ করছে: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক ঃ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কাটিয়ে উপকূলীয় এলাকার প্রাকৃতিক দুর্যোগ হ্রাস এবং স্থানীয় বাসিন্দাদের জীবন ও সম্পদের সার্বিক নিরাপত্তা বিধানে সরকার নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রবিবার (৯ আগস্ট) নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে বর্ণাঢ্য বেলুন ও ফেস্টুন উড়িয়ে বরিশাল বিভাগীয় ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দক্ষিণাঞ্চলের জলবায়ু সংকটের বাস্তব চিত্র তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, "দক্ষিণাঞ্চলের মানুষ হওয়ার সুবাদে আমরা খুব কাছ থেকে প্রত্যক্ষ করছি জলবায়ু কেমন দ্রুত বদলে যাচ্ছে। অনিয়মিত বৃষ্টিপাত, তীব্র দাবদাহ এবং সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি প্রতিদিন আমাদের জনজীবনকে বিপর্যস্ত করছে। এই বৈশ্বিক সংকট মোকাবিলার পাশাপাশি আমাদের অঞ্চলকে মানব বাসযোগ্য রাখতে বৃক্ষায়ণ ও সবুজায়নের গুরুত্ব সবাইকে গভীরভাবে অনুধাবন করতে হবে।"

জলবায়ু সংকট নিরসনে জ্বালানি ব্যবহারে সচেতনতা এবং আন্তর্জাতিক ভূমিকার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, "বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে চরম ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম, যার প্রথম শিকার উপকূলীয় জেলাগুলো। আমাদের যদি জ্বালানি ব্যবহারে সচেতনতা না থাকে, তবে এ পৃথিবীর গড় তাপমাত্রা বসবাসের অযোগ্য পর্যায়ে চলে যাবে। এজন্য দেশীয় উদ্যোগের পাশাপাশি একটি বৈশ্বিক ও সমন্বিত সমাধান প্রয়োজন।"

সবুজায়নে সরকারের বৃহৎ পরিকল্পনা প্রকাশ করে জহির উদ্দিন স্বপন জানান, পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আগামী ৫ বছরে সারাদেশে মোট ২৫ কোটি বৃক্ষরোপণের বিশাল লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে প্রতি বছর গড়ে ৫ কোটি করে গাছ রোপণ করা হবে।

উদ্বোধনী পর্ব শেষে তথ্যমন্ত্রী বনবিভাগের কাজের প্রতি সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন এবং মেলায় আসা বিভিন্ন নার্সারির স্টলসমূহ ঘুরে দেখেন।

বিভাগীয় প্রশাসন ও সামাজিক বন বিভাগের উদ্যোগে আয়োজিত এই বরিশাল বিভাগীয় বৃক্ষ মেলায় বিভিন্ন জেলা থেকে আগত মোট ৫০টি স্টল অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন