প্রধানমন্ত্রী তারেক রহমান ও মোদির বৈঠক নিয়ে আশাবাদী ভারতীয় হাইকমিশনার
অনলাইন দেস্কঃ বাংলাদেশ ও ভারতের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব একত্রিত হয়ে আলোচনার টেবিলে বসলে দুই প্রতিবেশী দেশের অনেক জমে থাকা সমস্যার কার্যকর সমাধান সম্ভব বলে আশাবাদ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
রবিবার (৯ আগস্ট) রাজধানীর একটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (IVAC) শিশুদের জন্য বিশেষ বিনোদন ও খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দ্বিপাক্ষিক সম্পর্ক ও দুই দেশের রাজনৈতিক নেতৃত্ব প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, "বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান একজন অত্যন্ত জনবান্ধব ব্যক্তিত্ব। একইভাবে আমাদের দেশের প্রধানমন্ত্রীও জনবান্ধব। দুই দেশের দূরদর্শী প্রধান যখন একসাথে কোনো বৈঠকে বসবেন, তখন দুই দেশের জনগণের কল্যাণেই বহু দ্বিপাক্ষিক সমস্যার সমাধান হয়ে যাবে।"
ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, "আমার এ বিষয়ে পুরোপুরি আত্মবিশ্বাস রয়েছে। দুই দেশের মানুষ মূলত একই সূত্রে গাঁথা, ফলে সমস্যার সমাধান আসবেই। এখানে নেতিবাচক ভাবনার কোনো স্থান নেই, সমস্ত দিকই ইতিবাচক।"
বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যকার প্রথাগত ও সামাজিক সম্পর্ককে অত্যন্ত গভীর উল্লেখ করে দীনেশ ত্রিবেদী জোর দিয়ে বলেন, "দুই দেশের সাধারণ মানুষের মধ্যকার সম্পর্ক সবসময়ই চমৎকার ও সুদৃঢ়। জনগণের এই সুন্দর মানসিকতা ও আন্তঃসম্পর্ক সরকারি উচ্চপর্যায়েও একইভাবে লালন ও বজায় রাখা জরুরি।"
বাংলাদেশে ভারতীয় ভিসার বিপুল চাহিদার কথা স্বীকার করে হাইকমিশনার জানান, বাংলাদেশী নাগরিকদের সুবিধা দিতে সরকারের নানামুখী পরিকল্পনা রয়েছে। চাহিদা পূরণে সারাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের সংখ্যা বাড়ানো এবং সাধারণ ভিসা প্রার্থীদের খরচ কমিয়ে কার্যক্ষমতা ও সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ জোর দেওয়া হচ্ছে।
বাংলাদেশের মানুষের আন্তরিক আচরণের প্রশংসা করে ভারতীয় হাইকমিশনার প্রত্যাশা প্রকাশ করেন যে, পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে আগামীতে দুই দেশের ঐতিহাসিক ও কূটনৈতিক মেলবন্ধন আরও বেগবান হবে।
|