কাভার্ডভ্যানের চাপায় শিক্ষার্থীর মৃত্যু: টঙ্গীতে ফুটওভার ব্রিজের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

প্রকাশ: রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ণ
কাভার্ডভ্যানের চাপায় শিক্ষার্থীর মৃত্যু: টঙ্গীতে ফুটওভার ব্রিজের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
টঙ্গীতে ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের টঙ্গীতে কাভার্ডভ্যানের চাপায় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার নবম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে এবং মাদ্রাসার সামনে অবিলম্বে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে হাজার হাজার শিক্ষার্থী।

আজ রবিবার (৯ আগস্ট, ২০২৬) বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ শুরু করে। এতে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান তামীরুল মিল্লাতের নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসীন আরাফাতকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা কাভার্ডভ্যানটি আটকে করতে পারলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

সহপাঠীর মর্মান্তিক প্রয়াণের প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে আজ সকালে শিক্ষার্থীরা ব্যানার হাতে ও স্লোগান দিয়ে মহাসড়কে নেমে আসে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, “তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার হাজার হাজার শিক্ষার্থীকে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই ব্যস্ততম মহাসড়ক পারাপার হতে হয়। মহাসড়কের এই অংশে একটি ফুটওভার ব্রিজ অত্যন্ত জরুরি ছিল। গতকাল আমাদের এক সহপাঠীর প্রাণ ঝরে গেল। অবিলম্বে এখানে ফুটওভার ব্রিজ নির্মাণ না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন থামবে না।”

বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে। দ্রুত যান চলাচল স্বাভাবিক করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে।

মন্তব্য করুন