ঝালকাঠির ভীমরুলির ভাসমান পেয়ারা হাট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
অনলাইন ডেস্কঃ দক্ষিণাঞ্চলের ঐতিহ্য ও সৌন্দর্য প্রত্যক্ষ করতে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঝালকাঠির বিখ্যাত ভীমরুলি গ্রামের ভাসমান পেয়ারা হাট পরিদর্শন করেছেন। এর আগে তিনি বরিশালের বেশ কিছু ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থান ঘুরে দেখেন।
আজ রবিবার (৯ আগস্ট, ২০২৬) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের বরিশাল ও ঝালকাঠি ভ্রমণের বেশ কিছু মনোরম ছবি প্রকাশ করা হয়।
ছবিগুলোর ক্যাপশনে উল্লেখ করা হয়, ভীমরুলির ঐতিহ্যবাহী ভাসমান বাজারে কাঠের নৌকায় ঘুরে এবং স্থানীয় তাজা পেয়ারার স্বাদ উপভোগ করে অত্যন্ত চমৎকার সময় অতিবাহিত করেছেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। এর আগের এক বার্তায় উচ্ছ্বসিত রাষ্ট্রদূত বলেন, “নৌকা দিয়ে মনোরম জলপথের সুন্দর এই দেশ পরিদর্শন করা সত্যিই আনন্দের। বরিশালে আসতে পেরে আমার দারুণ লাগছে!”
আজ সকালে ভীমরুলির ভাসমান পেয়ারার বাজার পরিদর্শনে গিয়ে তিনি স্থানীয় একটি ছোট নৌকায় চড়ে ভাসমান বাজারের কেনাবেচা ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে সফরসঙ্গীদের নিয়ে ট্রলারে চেপে পেয়ারা বাগানের ভেতরে যান। সেখানে তিনি স্থানীয় পেয়ারা চাষি ও বাগান মালিকদের সাথে কথা বলেন এবং তাদের চাষবাস সম্পর্কে খোঁজখবর নেন। প্রায় ঘণ্টাখানেক ভীমরুলি এলাকায় অবস্থান শেষে তিনি পুনরায় বরিশালের উদ্দেশ্যে রওনা হন।
উল্লেখ্য, দুই দিনের সরকারি সফরে গতকাল শনিবার রাতে বরিশাল পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বরিশালে পৌঁছে তিনি প্রথমেই সার্কিট হাউসে অবস্থান নেন।
তাঁর দুই দিনের এই সফরের সূচিতে রয়েছে বরিশালের ঐতিহাসিক মিঞা বাড়ির মসজিদ, নগরীর ঐতিহ্যবাহী ‘সকাল সন্ধ্যা’ মিষ্টান্ন ভাণ্ডার পরিদর্শন এবং স্থানীয় সাংবাদিকদের সাথে বিশেষ মতবিনিময়। এ ছাড়া অক্সফোর্ড মিশন চার্চ ও গৌরনদী ক্যাথলিক চার্চ পরিদর্শন শেষে ঢাকায় ফেরার পথে পদ্মা ব্রিজ সার্ভিস এরিয়া ঘুরে দেখার কথা রয়েছে তাঁর।
|