রাষ্ট্রপতি নির্বাচন: ইসি থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি

প্রকাশ: রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ
রাষ্ট্রপতি নির্বাচন: ইসি থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি
ইসি থেকে বিএনপির প্রতিনিধি দলের মনোনয়নপত্র সংগ্রহের চিত্র

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আজ রবিবার (৯ আগস্ট, ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে প্রধান নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে এই মনোনয়নপত্রগুলো সংগ্রহ করা হয়। দলটির পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবীর রিজভী উপস্থিত থেকে ফরম সংগ্রহ করেন।

রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন এবং নতুন ভোটার তালিকাও চূড়ান্ত ও প্রস্তুত করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (৬ আগস্ট) নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের তারিখ নির্ধারণ করা হয়েছে। এরপর প্রয়োজনীয় বাছাই সম্পন্ন করে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদে রাষ্ট্রপতির এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা সাপেক্ষে এই সময়সূচি চূড়ান্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

মন্তব্য করুন