গোপালগঞ্জ-ঢাকা সরাসরি ট্রেন চালু ১০ আগস্ট
হেলাল মুন্সী, বিশেষ প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে গোপালগঞ্জের সঙ্গে রাজধানী ঢাকার সরাসরি রেল যোগাযোগ চালু হতে যাচ্ছে। আগামী ১০ আগস্ট থেকে ‘অভিযাত্রী কমিউটার’ নামে নতুন ট্রেনটি ঢাকা-গোপালগঞ্জ রুটে নিয়মিত চলাচল শুরু করবে। এতে কম খরচে যাতায়াতের পাশাপাশি জেলার শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও কৃষিপণ্য পরিবহনে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছেন স্থানীয়রা।
বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, ১০ আগস্ট সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে গোপালগঞ্জের উদ্দেশে প্রথমবারের মতো যাত্রা শুরু করবে ‘অভিযাত্রী কমিউটার’। ট্রেনটি সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে গোপালগঞ্জে পৌঁছাবে। পরবর্তীতে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে গোপালগঞ্জ থেকে পুনরায় ঢাকার উদ্দেশে ছেড়ে গিয়ে রাত ১০টা ২৫ মিনিটে কমলাপুর পৌঁছাবে।
প্রায় ৭০০ আসনবিশিষ্ট এই ট্রেনে গোপালগঞ্জ থেকে মাত্র ১৪৫ টাকা ভাড়ায় ঢাকায় যাতায়াত করা যাবে। ফলে সড়কপথের বাড়তি খরচের পরিবর্তে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণি এবং সাধারণ যাত্রীদের জন্য স্বল্প ব্যয়ে রাজধানীতে যাতায়াতের এক স্বস্তিদায়ক সুযোগ তৈরি হচ্ছে।
স্থানীয়রা জানান, সড়কপথের তীব্র যানজট, অতিরিক্ত বাস ভাড়া ও দুর্ঘটনার ঝুঁকির তুলনায় রেলপথের ভ্রমণ হবে নিরাপদ ও সময় সাশ্রয়ী। ফলে চাকরি, চিকিৎসা ও নানা প্রয়োজনে ঢাকামুখী মানুষের দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে নিরসন হবে।
গোপালগঞ্জের রেলযান পরীক্ষক পল্লব কান্তি বিশ্বাস বলেন, "ঢাকা-গোপালগঞ্জ রুটে সরাসরি এক জোড়া ট্রেন চালু করা স্থানীয় মানুষের বহুল প্রতীক্ষিত দাবি ছিল। ৭০০ আসনের এই ট্রেনে যাত্রীরা যেমন সুবিধা পাবেন, তেমনি ভবিষ্যতে অতিরিক্ত লাগেজ ভ্যান যুক্ত করা হলে কৃষকেরা স্বল্প খরচে তাঁদের উৎপাদিত শাকসবজি ও কৃষিপণ্য রাজধানীর বাজারে পাঠানোর সুফল পাবেন।"
গোপালগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার রত্না বৈদ্য জানান, পূর্বে গোপালগঞ্জ থেকে রাজশাহী রুটে ট্রেন চলাচল করলেও ঢাকার সঙ্গে সরাসরি রেল যোগাযোগ ছিল না। নতুন এই সার্ভিস চালুর ফলে দীর্ঘদিনের যোগাযোগ সমস্যা কাটার পাশাপাশি রেলওয়ের রাজস্ব আয় বৃদ্ধি পাবে।
তবে ট্রেনটির বর্তমান সময়সূচি নিয়ে কিছুটা পরিবর্তনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। গোপালগঞ্জ শ্রমিক ইউনিয়নের সঙ্গে সংশ্লিষ্ট মো. স্বপন জানান, সকালে গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ট্রেনটি ছাড়লে ব্যবসায়ীরা বা সাধারণ যাত্রীরা দিন এনে দিন কাজ শেষ করে সন্ধ্যায় ফিরতে পারতেন। যাত্রীদের সুবিধার্থে ভবিষ্যতে সময়সূচি পুনর্বিন্যাসের দাবি জানান তিনি।
ঢাকা-গোপালগঞ্জ সরাসরি রেল সংযোগ কেবল যাতায়াত ব্যবস্থারই উন্নয়ন ঘটাবে না, বরং গোপালগঞ্জের পাশাপাশি পার্শ্ববর্তী বাগেরহাট ও পিরোজপুর জেলার মানুষের যাতায়াতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এআইএল/সকালবেলা
|