চীনা পর্যটককে হেনস্তায় 'হিরো নানা' আটক
গোলাম রব্বানী, জয়পুরহাট: নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে ঘুরতে আসা এক চীনা পর্যটককে হেনস্তা এবং সেই ঘটনার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আব্দুল মাবুত নামের এক যুবককে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। আটককৃত ওই যুবক অনলাইন দুনিয়ায় 'হিরো নানা' নামে বিতর্কিত কনটেন্ট তৈরি করতেন বলে জানা গেছে। একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে বিদেশি নাগরিকের সঙ্গে এমন অশোভন আচরণের ঘটনাটি দেশজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার জন্ম দিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি এক চীনা নাগরিক পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শনে আসেন। সেখানে অবস্থানকালে অভিযুক্ত আব্দুল মাবুত ওরফে 'হিরো নানা' ওই বিদেশি পর্যটকের পথরোধ করে এবং অত্যন্ত অশোভন ও আপত্তিকর আচরণ করেন। একই সঙ্গে তিনি পুরো ঘটনার একটি ভিডিও রেকর্ড করেন। পরবর্তীতে সস্তা জনপ্রিয়তার আশায় ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা হলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। একজন বিদেশি অতিথির সঙ্গে এমন অপেশাদার ও কুরুচিপূর্ণ আচরণ দেশের পর্যটন শিল্পের ভাবমূর্তিকে মারাত্মক সংকটে ফেলে দেয়। নেটিজেনরা অবিলম্বে এই যুবকের শাস্তির দাবি জানিয়ে সোচ্চার হন।
ভিডিওটি নজরে আসার পরপরই মাঠে নামে ট্যুরিস্ট পুলিশ পাহাড়পুর বৌদ্ধবিহার ইউনিট। প্রযুক্তির সহায়তায় ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল মাবুতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। ট্যুরিস্ট পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, বিদেশি পর্যটকদের নিরাপত্তা ও দেশের সম্মানহানির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। আটককৃত যুবকের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাকে নওগাঁর বদলগাছী থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে ঘটনাটি প্রকাশ পাওয়ার পর পুলিশ যেভাবে দ্রুত পদক্ষেপ নিয়ে অপরাধীকে আইনের আওতায় এনেছে, তাতে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন নাগরিক ও সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ট্যুরিস্ট পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।
বিশেষজ্ঞ ও পর্যটন সংশ্লিষ্টদের মতে, দেশের পর্যটন খাতকে এগিয়ে নিতে হলে বিদেশি পর্যটকদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এই ধরনের দৃষ্টান্তমূলক গ্রেপ্তার ভবিষ্যতে পর্যটন কেন্দ্রগুলোতে বখাটে ও অনাকাঙ্ক্ষিত কনটেন্ট ক্রিয়েটরদের এমন অপকর্ম রুখতে কঠোর বার্তা দেবে।
এআইএল/সকালবেলা
|