টঙ্গীতে উড়ালসড়কে সংঘর্ষে চালক নিহত

প্রকাশ: শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ণ
টঙ্গীতে উড়ালসড়কে সংঘর্ষে চালক নিহত

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর): গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি (BRT) উড়ালসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি কভার্ড ভ্যানের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একটি ট্রাকের চালক ও তাঁর সহকারী গুরুতর আহত হয়েছেন।

গত শুক্রবার (১২ জুন) দিবাগত রাত ২টার দিকে স্টেশন রোড সংলগ্ন শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম এলাকার উড়ালসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত কভার্ড ভ্যান চালকের নাম সাইফুল ইসলাম শাকিল (২৭)। তিনি নোয়াখালী জেলার সেনবাগ থানার খাজুরিয়া গ্রামের মোহাম্মদ সালাউদ্দিনের ছেলে। আহতরা হলেন— ট্রাকচালক রনি মিয়া (৩০) ও তাঁর সহযোগী রুবেল (৩২)। তাঁরা নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার কাদেরপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গভীর রাতে ঢাকা থেকে ছেড়ে আসা গাজীপুরগামী একটি পণ্যবাহী ট্রাক স্টেশন রোড এলাকার বিআরটি উড়ালসড়ক দিয়ে যাচ্ছিল। উড়ালসড়কের স্টেডিয়াম সংলগ্ন ঢাল দিয়ে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি মহাসড়কের মাঝখানের সড়ক বিভাজকের (আইল্যান্ড) ওপর উঠে আটকে যায়। এতে ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং চালক রনি ও সহকারী রুবেল কেবিনের ভেতরেই গুরুতর আহত হন।

ট্রাকটি উড়ালসড়কের ওপর বিপজ্জনকভাবে আটকে থাকার ঠিক পরপরই পেছন থেকে আসা একটি দ্রুতগতির কভার্ড ভ্যান কড়া ব্রেক চেপেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি। কভার্ড ভ্যানটি আটকে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে। এতে কভার্ড ভ্যানের সামনের অংশটি দুমড়েমুচড়ে চ্যাপ্টা হয়ে যায় এবং স্টিয়ারিংয়ের সাথে চেপে গিয়ে ঘটনাস্থলেই মারা যান চালক সাইফুল ইসলাম শাকিল।

খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ এবং টঙ্গী ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রথমে আহত ট্রাকচালক ও তাঁর সহযোগীকে উদ্ধার করে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার সরকারি হাসপাতালে পাঠান। এরপর ভোর ৪টার দিকে হাইড্রোলিক কাটার দিয়ে কভার্ড ভ্যানের দুমড়েমুচড়ে যাওয়া সামনের অংশ কেটে চালক শাকিলের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বিঘ্নিত হলেও পুলিশ রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে সকালবেলা-কে বলেন, “খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথ অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করেছে। নিহত কভার্ড ভ্যান চালকের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং নিহত ও আহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন