শৈলকুপায় বাসচাপায় ট্রাকচালকের মৃত্যু
প্রকাশ: রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় বাসচাপায় আব্বাস হোসেন (৪২) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। রবিবার সকালে উপজেলার বরদাহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে বরদাহ ব্রিজ এলাকায় রাস্তার পাশে ট্রাক রেখে চা পান করছিলেন আব্বাস হোসেন। চা পান শেষে রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। পরে বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর হোসেন বলেন, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
|