মুকসুদপুরে নিষিদ্ধ ৩০০ দোহার ধ্বংস
রাসেল শেখ, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে অবৈধভাবে দেশীয় মাছ শিকারের উদ্দেশ্যে আনা ৩০০টি নিষিদ্ধ ‘দোহার’ (মাছ ধরার বিশেষ উপকরণ) জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
আজ রবিবার (২১ জুন) সকাল ১১টার দিকে মুকসুদপুর থানার সামনে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জব্দকৃত এই নিষিদ্ধ দোহারগুলোর মালিক মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার মুসা নামের এক ব্যক্তি। এগুলো বিক্রির উদ্দেশ্যে মাগুরা থেকে মুকসুদপুরে আনা হয়েছিল। তবে অভিযান পরিচালনার সময় মূল মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে মালামাল পরিবহনের কাজে নিয়োজিত ভ্যানচালক আব্দুর রহমানকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয় পুলিশ।
থানা পুলিশ প্রথমে জব্দকৃত এই নিষিদ্ধ উপকরণগুলো মুকসুদপুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. আজিজুর রহমানের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবিরুল ইসলামকে অবহিত করা হলে তাঁর নির্দেশনায় জব্দকৃত অবৈধ দোহারগুলো প্রকাশ্য দিবালোকে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, ধ্বংস করা ৩০০টি দোহারের আনুমানিক বাজার মূল্য ৫০ থেকে ৬০ হাজার টাকা। দেশের প্রচলিত মৎস্য আইন অনুযায়ী এই উপকরণগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। উন্মুক্ত জলাশয়ে এগুলো ব্যবহারের ফলে দেশীয় প্রজাতির ছোট মাছের প্রজনন বাধাগ্রস্ত হয় এবং সামগ্রিক মৎস্যসম্পদের ওপর চরম নেতিবাচক প্রভাব পড়ে।
দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের নিরাপদ প্রজনন নিশ্চিতকরণ এবং অবৈধ মৎস্য শিকার প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে বলে জানানো হয়েছে।
এআইএল/সকালবেলা
|