বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ আসামির মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুরে আট বছর বয়সী শিশু রিফাত হোসেন হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর পাঁচজনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার (২১ জুন) দুপুরে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— আবুল কালাম আজাদ, সাগর, সেলিম ইসলাম, মেহেদী হাসান ও রাজু ইসলাম পাঁচফুল। এদের মধ্যে সাগর ও সেলিম ইসলাম দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন। অপরদিকে ঘটনার সময় নাবালক হওয়ায় আরও পাঁচজনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১৫ জুলাই শিশু রিফাতকে হত্যা করে মরদেহ গুম করা হয়। পরে ১৮ জুলাই মরদেহ উদ্ধার হলে তার বাবা এনামুল হক শাজাহানপুর থানায় মামলা করেন।
আদালত সূত্রে জানা গেছে, প্রবাস থেকে দেশে ফেরার পর নিহতের বাবা এনামুল হকের কাছে প্রধান আসামি আবুল কালাম আজাদ বিভিন্ন সময় টাকা দাবি করতেন। ঘটনার দিনও তিনি এক লাখ টাকা ধার চাইলে অস্বীকৃতি জানালে ওই দিন বিকেলেই রিফাত নিখোঁজ হয়।
তিন দিন পর স্থানীয়দের মাধ্যমে সেতুর নিচে মরদেহের খবর পেয়ে পরিবার গিয়ে রিফাতের লাশ শনাক্ত করে। পরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার বিচার শেষে এ রায় ঘোষণা করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর আলী আসগার বলেন, সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দিয়েছেন এবং এর মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
|