ভর্তুকি না পাওয়ায় মদনে কৃষকদের মানববন্ধন
মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদনে বন্যা ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকরা সরকারি কৃষি ভর্তুকি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগে উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
আজ রবিবার (২১ জুন) উপজেলার ৭নং নায়েকপুর ইউনিয়নের বাঁশুরী গ্রামের ১নং ওয়ার্ডের ক্ষুব্ধ ও বঞ্চিত কৃষকদের উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নিয়ে কৃষকরা অভিযোগ করেন, ১নং ওয়ার্ডের স্থানীয় কিছু প্রভাবশালী নেতা প্রকৃত কৃষকদের সম্পূর্ণ বঞ্চিত করেছেন। তারা নিজেদের আখের গোছাতে আত্মীয়-স্বজন এবং এলাকার অকৃষকদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করে ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দকৃত সরকারি কৃষি প্রণোদনা হাতিয়ে নেওয়ার পাঁয়তারা করছেন।
তালিকায় থাকা অকৃষকদের নাম অবিলম্বে বাদ দিয়ে প্রকৃত ক্ষতিগ্রস্ত চাষিদের নাম অন্তর্ভুক্তির জোর দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য দেন— উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মানিক মিয়া, বঞ্চিত কৃষক জাহাঙ্গীর মিয়া, জুয়েল মিয়া, সাবেক ইউপি সদস্য ও কৃষক রাসেল মিয়া, সেলিম মিয়া, আব্দুল লতিফ বেপারী এবং রনি আক্তারসহ আরও অনেকে।
এ বিষয়ে নায়েকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও প্রণোদনা যাচাই-বাছাই কমিটির সদস্য অলিউর রহমান লিটন জানান, "আমাদের ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে ইতিমধ্যে ৭টি ওয়ার্ডে বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং প্রকৃত কৃষকরাই সরকারি সুবিধা পেয়েছেন। তবে ১নং ওয়ার্ডের তালিকা নিয়ে কিছু লিখিত অভিযোগ আসায় সেখানকার বিতরণ কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে। প্রকৃত কৃষকদের পুনরায় যাচাই-বাছাই করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।"
নায়েকপুর ইউনিয়ন প্রশাসক ও কৃষি ভর্তুকি যাচাই-বাছাই কমিটির সভাপতি মাহমুদুর রহমান মিজান বলেন, "ইউনিয়নের ৭টি ওয়ার্ডের কাজ শেষ। ১নং ওয়ার্ডের একটি তালিকায় ৬ জন অকৃষকের নাম ঢোকানোর বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে, যা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয় আমাকে তদন্তের জন্য দিয়েছেন। সুরাহা না হওয়া পর্যন্ত ওই ৬ জনের অনুদান বিতরণ স্থগিত থাকবে।"
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম জানান, "কৃষকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করা হবে। তদন্তে যদি তালিকায় কোনো ধরনের অসঙ্গতি বা অনিয়ম প্রমাণিত হয়, তবে ভুয়া নামগুলো অবশ্যই বাদ দিয়ে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।"
এআইএল/সকালবেলা
|