অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

প্রকাশ: রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ণ
অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি
নিজস্ব প্রতিবেদক: স্ত্রী আফরা ইভনাত ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়ার জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছে ডিবি পুলিশ।


রবিবার (২১ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির মিরপুর বিভাগের পরিদর্শক মো. আব্দুল মালেক এই রিমান্ড আবেদন করেন। রিমান্ড শুনানির সময় ডিবি পুলিশ জানায়, অভিনেতা আলভী ফেসবুকে পরনারীর সঙ্গে ছবি তুলে তা উসকানিমূলকভাবে পোস্ট করতেন, যা তার স্ত্রী ইকরাকে আত্মহননের দিকে ঠেলে দেয়। সিএমএম কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৮ ফেব্রুয়ারি মিরপুরের ডিওএইচএস এলাকায় নিজ বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। ওই রাতেই ইকরার বাবা কবির হায়াত খান বাদী হয়ে জাহের আলভীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

উল্লেখ্য, এই মামলার ঘটনায় গত ১৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন জাহের আলভী। আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়া গত ৪ জুন এই মামলায় আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন