ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় ঘটক নিহত
বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে খুলনা-মাওয়া মহাসড়কে দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় মো. তৈয়ব আলী (৫৫) ওরফে তৈয়েব ঘটক নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ রবিবার (২১ জুন) ভোর আনুমানিক ৬টার দিকে উপজেলার পালেরহাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত তৈয়েব ঘটক ফকিরহাট উপজেলার পাগলা-শ্যামনগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে তৈয়েব ঘটক মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় খুলনাগামী একটি বেপরোয়া গতির প্রাইভেট কার তাঁকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ঘাতক প্রাইভেট কারটি আটক করেছে হাইওয়ে পুলিশ।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলে হাইওয়ে ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।
ফকিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। মরদেহের সুরতহাল সম্পন্ন করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
এআইএল/সকালবেলা
|