জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় তিউনিশিয়ার
স্পোর্টস ডেস্ক: এবারের বিশ্বকাপ ফুটবল থেকে বিদায় নেওয়া তৃতীয় দেশ হিসেবে নাম লেখাল তিউনিশিয়া। আজ রোববার জাপানের কাছে পরাজিত হওয়ার পর গ্রুপপর্ব থেকেই দলটির বিদায় নিশ্চিত হলো। এর আগে প্রায় সাত দশক পর ফেরা হাইতি এবং ২৪ বছর পর সুযোগ পাওয়া তুরস্ক টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।
৪৮ দলের এই আসরের নিয়ম অনুযায়ী, গ্রুপপর্ব শেষে মোট ১৬টি দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। ৩২টি দল উঠবে পরবর্তী রাউন্ডে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সরাসরি পরের রাউন্ডে যাবে। এছাড়া তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে পয়েন্ট, গোল ব্যবধান ও ফেয়ার প্লে পয়েন্ট বিবেচনায় সেরা ৮টি দল ‘রাউন্ড অব থার্টি টু’-তে খেলার সুযোগ পাবে। তবে টানা দুই ম্যাচ হেরে তিউনিশিয়ার আর সেই সুযোগ রইল না।
টুর্নামেন্টে এখন পর্যন্ত মেক্সিকো (গ্রুপ এ), যুক্তরাষ্ট্র (গ্রুপ ডি) এবং জার্মানি (গ্রুপ ই) তাদের প্রথম দুটি ম্যাচে জয় পেয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করে রাউন্ড অব থার্টি টু নিশ্চিত করেছে। হাইতি, তুরস্ক ও তিউনিশিয়া বিদায় নিলেও, বাকি দলগুলোর গ্রুপে এখনও একটি করে ম্যাচ বাকি রয়েছে। সেই ম্যাচগুলোর ফলাফল নির্ধারণ করবে পরবর্তী রাউন্ডের চূড়ান্ত সমীকরণ।
জাপানের কাছে এই হারের মধ্য দিয়ে বিশ্বকাপের মঞ্চ থেকে তিউনিশিয়ার এবারের যাত্রা অকাল সমাপ্তি ঘটল।
জান্নাত সকালবেলা
|