সিলেটে সাদাপাথর পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা
প্রকাশ: রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক: টানা বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং বিরূপ আবহাওয়ার প্রভাবে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র ‘সাদাপাথর’ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (২১ জুন) কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউএনও জানান, পাহাড়ি ঢলে পর্যটনকেন্দ্রটির বেশিরভাগ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া ওই এলাকায় অবস্থিত অন্তত ৫০টি অস্থায়ী দোকানপাট ঢলের পানিতে ভেসে গেছে। পর্যটকদের জানমালের নিরাপত্তা এবং বর্তমান ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে এবং পর্যটন এলাকাটি নিরাপদ নিশ্চিত করার পর পুনরায় তা খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ঢলের এই দুর্যোগপূর্ণ সময়ে পর্যটকদের ওই এলাকায় না যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন।
জান্নাত সকালবেলা
|