যুবদল নেতা হত্যা মামলার আসামি আইয়ুব গ্রেফতার
মো. ইমরান হোসেন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজারে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় জড়িত অন্যতম মূল পরিকল্পনাকারী (মাস্টারমাইন্ড) মো. আইয়ুবকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭।
আজ রবিবার (২১ জুন) ভোরে বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের দূরছড়ি এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তির বিশেষ সহায়তায় আইয়ুবের অবস্থান নিশ্চিত হওয়ার পর আজ সকাল ৬টার দিকে দূরছড়ি এলাকায় অভিযান শুরু করে র্যাবের আভিযানিক দল। অভিযানকালে ওই এলাকার তার ভগ্নিপতি শাহ আলমের বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় মো. আইয়ুবকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে র্যাবের হেফাজতে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। গ্রেফতারকৃত আইয়ুব চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর এলাকার আবদুল মোনাফের ছেলে।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, রাউজানের পাহাড়তলী চৌমুহনী বাজারে সংঘটিত যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যা মামলায় আইয়ুবের বিরুদ্ধে মাঠপর্যায়ের অস্ত্রধারীদের পরিচালনা ও পুরো হামলার নকশা সাজানোর সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকেই তিনি দেশের বিভিন্ন দুর্গম এলাকায় ফেরারি জীবনযাপন করছিলেন এবং দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে ছিলেন।
র্যাব-৭ এর সেকেন্ড ইন কমান্ড মেজর জালিস মাহমুদ খান আইয়ুবের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত ও পাহাড়ি এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধীদের দমনে র্যাব সর্বদা তৎপর। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
এআইএল/সকালবেলা
|