বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র দেবেন ভারতের নতুন হাইকমিশনার

প্রকাশ: রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ণ
বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র দেবেন ভারতের নতুন হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তাঁর পরিচয়পত্র পেশ করবেন।

সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানিয়েছে, ওই দিন সকালে তিনি রাজধানীর বঙ্গভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র জমা দেবেন। এর মধ্য দিয়ে ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে তাঁর কূটনৈতিক দায়িত্বের পূর্ণ স্বীকৃতি প্রক্রিয়া সম্পন্ন হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানায়, এ সংক্রান্ত সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

এর আগে ঢাকায় আসার পর দীনেশ ত্রিবেদী রাষ্ট্রাচারপ্রধান (চিফ অব প্রটোকল) এ এফ এম জাহিদ উল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং লেটার অব ক্রিডেন্সের অনুলিপি হস্তান্তর করেন।

পরে তিনি পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌজন্য সাক্ষাৎ করেন।

কূটনৈতিক সূত্রগুলো জানায়, দায়িত্ব গ্রহণের প্রাথমিক আনুষ্ঠানিকতার অংশ হিসেবে তিনি ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে ধারাবাহিক সাক্ষাৎ সম্পন্ন করেছেন।

ভারত সরকার গত এপ্রিলে সাবেক রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীকে ঢাকায় তাদের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। তিনি গত ৫ জুন স্থলপথে বাংলাদেশে প্রবেশ করেন।

মন্তব্য করুন