বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের বৈঠক

প্রকাশ: রবিবার, ২১ জুন ২০২৬, ০১:২০ অপরাহ্ণ
বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের বৈঠক
নিজস্ব প্রতিবেদক: বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস। আজ রোববার (২১ জুন) বেলা ১১টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়।


বৈঠকে বাংলাদেশ ও সুইডেনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। সুইডিশ প্রতিনিধিদল বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন-পরবর্তী সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। বৈঠকে ভবিষ্যতে বাংলাদেশের প্রতি সুইডেনের দৃঢ় সমর্থন এবং বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ আরও বাড়ানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

সাক্ষাতে দেশের বর্তমান প্রেক্ষাপটে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়

জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন, প্রস্তাবিত বাজেট এবং কর কাঠামো সংস্কার নিয়ে দুই পক্ষ মতবিনিময় করেন। রোহিঙ্গা সমস্যার টেকসই ও কার্যকর সমাধানের বিষয়ে আলোচনা করা হয়।বাংলাদেশে সুইডেনের অর্থায়নে পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে।আলোচিত অর্ডিন্যান্সগুলোর সম্ভাব্য পরিণতিসহ আন্তর্জাতিক বিভিন্ন সম্পর্কের বিষয়ে আলোচনা হয়।

সুইডেনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মিস ম্যাটিল্ডা সভেনসন এবং সেকেন্ড সেক্রেটারি ও বাণিজ্য, রাজনীতি ও যোগাযোগ বিভাগের প্রধান মি. ওলে লুন্দিন। অন্যদিকে, বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন