বাবাকে নিয়ে চার শিল্পীর আবেগঘন গল্প

প্রকাশ: রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৫৯ অপরাহ্ণ
বাবাকে নিয়ে চার শিল্পীর আবেগঘন গল্প
নিজস্ব প্রতিবেদক: বাবা—ছোট্ট একটি শব্দ, কিন্তু এর গভীরতা অসীম। সব সন্তানের কাছেই বাবা মানেই পরম ভালোবাসা আর নির্ভরতার প্রতীক। আজ বিশ্ব বাবা দিবস। এই বিশেষ দিনটিতে শোবিজের জনপ্রিয় চার তারকা বাবাকে নিয়ে তাদের আবেগঘন স্মৃতির ডালি মেলে ধরেছেন।


অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের কাছে তার বাবা অধ্যাপক বীরেন্দ্র নাথ সাহা বন্ধুর মতো। মিম বলেন, “বাবাকে ভালোবাসা জানাতে আমি কৃপণতা করি না। ছোটবেলা থেকেই আমি সোজাসাপ্টা, তাই সরাসরি বলি—বাবা, আই লাভ ইউ।” বাবা দিবসে বিশ্বের সকল বাবার প্রতি তিনি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন।

নায়করাজ রাজ্জাকের পুত্র খালিদ হোসেন সম্রাটের কাছে তার বাবাই সব। বাবার প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, “তিনি জীবিত থাকতে যেকোনো কাজে অনুমতি নিতাম।” বাবার শেষ দিনগুলোর কথা স্মরণ করে সম্রাট বলেন, “তিনি আমাদের কখনো কোনো কষ্ট বুঝতে দেননি। তার শেখানো উপদেশ—কখনো অহংকারী না হওয়া এবং মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা—আমি এখনো মেনে চলি।”

প্রখ্যাত অভিনেতা আলমগীরের মেয়ে কণ্ঠশিল্পী আঁখি আলমগীরের কাছে বাবা মানেই নিরাপত্তা আর আস্থার জায়গা। আঁখি বলেন, “আমার শিল্পী সত্তা এবং ব্যক্তি হিসেবে গড়ে ওঠার পেছনে বাবার অবদান নব্বই ভাগ। বাবা আমার কর্মসংস্থান না করলেও, গান গাওয়ার ক্ষেত্রে সব সময় উৎসাহ জুগিয়েছেন।”

অভিনেত্রী টয়া জানান, রক্ষণশীল পরিবার থেকে মিডিয়ায় আসাটা শুরুতে বাবার জন্য উদ্বেগের কারণ হলেও, এখন তিনি তার সবচেয়ে বড় ভক্ত। টয়া বলেন, “আমার কাজ কেউ দেখুক বা না দেখুক, উনি দেখেন। বাবার হাত মেয়ের মাথার ওপর থাকলে প্রতিটি মেয়ের চলার পথ সহজ হয়।”

শৈশবের স্মৃতি রোমন্থন করে চার তারকাই স্বীকার করেছেন, আজ তারা যে অবস্থানে আছেন, তার পেছনে বাবার নিরন্তর সমর্থন ও অনুপ্রেরণা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন