জামালপুরে সাবেক সেনাসদস্য হত্যার রহস্য অধরা

প্রকাশ: রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ণ
জামালপুরে সাবেক সেনাসদস্য হত্যার রহস্য অধরা

মো. ইমরান মাহমুদ (জামালপুর প্রতিনিধি): জামালপুরে সাবেক সেনাসদস্য হাবিবুর রহমানকে (৬৯) হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র নদের বালুচর থেকে তাঁর লাশ উদ্ধার করা হলেও এ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য এখনো উদ্‌ঘাটন হয়নি।

এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী রাশেদা বেগম (৫৫)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত হাবিবুর রহমান জামালপুর পৌরসভার সকাল বাজার এলাকার আইকন ফার্নিচারে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। প্রায় চার মাস আগে তিনি চাকরি ছেড়ে বাড়িতে অবস্থান করছিলেন।

গত ২১ অক্টোবর ভোর আনুমানিক ৬টার দিকে ফজরের নামাজ শেষে বাড়ি থেকে বের হন হাবিবুর রহমান। এরপর দিন পেরিয়ে রাত হলেও তিনি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাঁর মোবাইল ফোন নম্বরগুলোতে যোগাযোগের চেষ্টা করে সেগুলো বন্ধ পান। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান মেলেনি।

পরবর্তীতে ২৩ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে জামালপুর সদর উপজেলার ৬ নম্বর নরুন্দি ইউনিয়নের নামা কোচনধারা সংলগ্ন ব্রহ্মপুত্র নদের পূর্ব পাড়ে ছাতিয়ানতলা গ্রামের বালুচরের পানিতে তাঁর লাশ পড়ে থাকার খবর পান স্বজনরা। ঘটনাস্থলে গিয়ে তাঁরা লাশটি শনাক্ত করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে ২৪ অক্টোবর বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এজাহারে নিহতের স্ত্রী অভিযোগ করেন, ২১ অক্টোবর ভোর ৬টা থেকে ২৩ অক্টোবর সকাল সাড়ে ১১টার মধ্যবর্তী কোনো এক সময়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হাবিবুর রহমানকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে ব্রহ্মপুত্র নদের বালুচরের পানিতে ফেলে রাখে। স্বামীর মৃত্যুর ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত থাকায় এবং আত্মীয়স্বজনদের সঙ্গে আলোচনা করে থানায় এজাহার দায়ের করতে বিলম্ব হয়েছে বলে উল্লেখ করেন তিনি। নিহতের পরিবার এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব জানান, মামলার তদন্ত কাজ অব্যাহত রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যেই এই হত্যার রহস্য উদ্‌ঘাটন হবে বলে আশা করা হচ্ছে।

এআইএল/সকালবেলা