বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে: আইনমন্ত্রী
সকালবেলা অনলাইন: বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি অনেক বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
রোববার (৮ নভেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে হোটেল হলিডে ইনে ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ থাকা বিচারকদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিচার বিভাগের স্বাধীনতার বিষয়ে তিনি বলেন, "সুপ্রিম কোর্ট সাংবিধানিকভাবে সবচেয়ে স্বাধীন। একবার সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে স্থায়ী হয়ে গেলে সরকারের পক্ষ থেকে তাদের ওপর প্রভাব বিস্তারের কোনো সুযোগ থাকে না।"
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ৯০-এর গণঅভ্যুত্থান এবং ২৪-এর ছাত্র-জনতার আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, "৭১-এর মুক্তিযুদ্ধের বিরোধিতা ও গণহত্যাকারীদের পাশাপাশি ৯০-এর সংগ্রামে শহীদ জাফর, জয়নাল, দিপালী সাহা, কাঞ্চন, রাউফুন বসুনিয়া, জিহাদ ও ডা. মিলনের খুনিদের বিরুদ্ধে যেমন কথা বলব; ঠিক তেমনি ২৪-এর গণঅভ্যুত্থানে আবু সাঈদ, মুগ্ধ, আনাসসহ চৌদ্দশতের বেশি মানুষকে যারা হত্যা করেছে এবং ত্রিশ হাজারের মতো মানুষকে পঙ্গু করেছে, তাদের অপরাধের বিরুদ্ধেও কথা বলাকে আমাদের উৎসাহিত করতে হবে।"
এআইএল/সকালবেলা