কিশোরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
নূর আহাম্মদ পলাশ (কিশোরগঞ্জ প্রতিনিধি): "শুধু মাদ্রাসায় কোরআন শরিফ পড়ে তার মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না; কোরআনকে বুঝতে হবে, হাদিসকে জানতে হবে। বিজ্ঞানভিত্তিক কোরআন শরিফেই সবকিছুর সমাধান রয়েছে"—জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কিশোরগঞ্জের হয়বতনগর এ.ইউ. কামিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।
রবিবার (৮ নভেম্বর) মাদ্রাসার অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হয়বতনগর এ.ইউ. কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক আরও বলেন, "আজ আমরা কোরআনের সমাধানের পথ ছেড়ে দূরে সরে যাচ্ছি বলেই নানা সমস্যার মুখোমুখি হচ্ছি। ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল নতুন কিছু নয়। চৌদ্দ শ বছর আগে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সময় থেকেই ইসলামের বিরুদ্ধে কুৎসা ও অপপ্রচার শুরু হয়েছিল।" সত্য ও সঠিক পথের অনুসারী বলেই মুসলমানদের বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার চলতেই থাকবে বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।
এআইএল/সকালবেলা