সোনারগাঁওয়ে ৩৬ ঘণ্টার অভিযানে ২৭ আসামি গ্রেপ্তার
মো. মুক্তার হোসেন (সোনারগাঁও, নারায়ণগঞ্জ প্রতিনিধি): নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ৩৬ ঘণ্টার বিশেষ অভিযানে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতা, দুর্ধর্ষ ডাকাত, মাদকসেবী এবং পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি রয়েছেন।
শনিবার ও রোববার (৭ ও ৮ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় ব্লক রেড ও সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে পুলিশের একাধিক দল এই অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে মাদক সেবনের অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—মো. রিয়াজ (৩২), অপু বর্মন (২৪), মো. রবিউল ইসলাম (৩৮), মো. মাজহারুল ইসলাম (৩৬), মো. মোতালেব (৫৩), দেওয়ান আরজু (৫৫), মো. ডালিম হোসেন (৩৮), উত্তম বর্মন (১৮), মো. আল আমিন (৩৫), মো. মেহেদী হাসান (৩০), মো. সাইফুল ইসলাম (৪৬), মো. সানি (২৭), মো. মনির হোসেন (৩৮), মো. জুলহাস (৫০), মো. ফারুক (২০), মো. ওমর খান (২৪), সুলতান (৫২) ও ইমরান (২৩)।
এছাড়া সন্ত্রাসবিরোধী ও বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় নিষিদ্ধ সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—উপজেলার জামপুর ইউনিয়নের আমবাগ গ্রামের দেওয়ান আরজুর ছেলে ও নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়ন ক্রীড়া বিষয়ক সম্পাদক বায়জিদ (২০), সোনারগাঁও পৌরসভার বাগমুসা গ্রামের নিজামুদ্দিনের ছেলে ও নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের পৌর যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম মাসুম (৩২) এবং বালুয়া দিঘীরপাড় গ্রামের মৃত রজব আলীর ছেলে ও নিষিদ্ধ আওয়ামী শ্রমিক লীগের পৌর সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার (৫৫)।
অন্যদিকে, দত্তপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে দুর্ধর্ষ ডাকাত জাহিদ হাসান সোহানকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি নাহিদ (১৭), আরিফুল ইসলাম লিজন (২৮), মো. আমিন উদ্দিন, মো. নিজাম উদ্দিন ও মো. কামাল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত ২৭ আসামিকেই আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এআইএল/সকালবেলা