হাজাছড়ায় লাল শাপলা দেখতে দর্শনার্থীদের ভিড়
রুপম চাকমা (দীঘিনালা উপজেলা প্রতিনিধি): পাহাড়ের সবুজ প্রকৃতির বুকে লাল শাপলার অপূর্ব সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন ভ্রমণপিপাসুরা। খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের হাজাছড়ায় অবস্থিত মনোমুগ্ধকর এই লাল শাপলার বিল এখন প্রকৃতিপ্রেমীদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
হাজাছড়া এলাকাজুড়ে ফুটে থাকা অজস্র লাল শাপলা আর চারপাশের পাহাড়ি প্রাকৃতিক পরিবেশ তৈরি করেছে এক মায়াবী আবহ। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছেন পর্যটকরা। বিশেষ করে ছুটির দিনগুলোতে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। কেউ মুগ্ধ হয়ে উপভোগ করছেন বিলের সৌন্দর্য, আবার কেউ স্মৃতিময় মুহূর্ত ধরে রাখতে ব্যস্ত হয়ে পড়ছেন ছবি ও ভিডিও ধারণে।
বিলে ঘুরতে আসা এক পাহাড়ি তরুণী জানান, জায়গাটি অত্যন্ত সুন্দর; তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি ও যথাযথ নজরদারি থাকলে এখানে আরও বেশি দর্শনার্থীর সমাগম ঘটবে।
উপজেলা হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ কর্মকর্তা মো. আবুল খায়ের জানান, এরই মধ্যে লাল শাপলা দেখতে বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা ভিড় করছেন এবং এর মাধ্যমে একটি সম্ভাবনাময় পর্যটন স্পট সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের মতে, প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এই লাল শাপলার বিল হাজাছড়ার সৌন্দর্যকে নতুন মাত্রা দিয়েছে। পর্যটকদের আগমনে এলাকায় প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানটিকে পরিকল্পিতভাবে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হলে তা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তবে প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় দর্শনার্থীদের শাপলা না ছেঁড়া, পানিতে ময়লা না ফেলা এবং পরিবেশের ক্ষতি হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
এআইএল/সকালবেলা