গজারিয়ায় জনতার হাতে ছিনতাইকারী আটক
মোঃ দুলাল সরকার, গজারিয়া: মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিকল হওয়া কভার্ড ভ্যানে ছিনতাইয়ের সময় ধাওয়া দিয়ে এক ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় জনতা।
শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের আলীপুরা এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের ঢাকামুখী লেনে একটি কভার্ড ভ্যান বিকল হয়ে পড়লে চালক ও হেলপার নিচে নেমে ইঞ্জিন পরীক্ষা করছিলেন। এসময় তিনজনের একটি ছিনতাইকারী দল দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। ছিনতাইকারীরা চালককে ছুরিকাঘাত করে জখম করে এবং ভয়ভীতি দেখিয়ে তাঁর মানিব্যাগ ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
ছিনতাইয়ের ঘটনা টের পেয়ে স্থানীয় লোকজন ও মহাসড়কের পাশে থাকা পথচারীরা দ্রুত এগিয়ে আসেন। এসময় ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করলে জনতা ধাওয়া দিয়ে একজনকে ধরে ফেলে। তবে দলের অন্য দুই সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। আটক ছিনতাইকারীকে গণধোলাই দেওয়ার পর স্থানীয়রা তাকে পুলিশের কাছে হস্তান্তরের জন্য আটকে রাখে।
আহত কভার্ড ভ্যান চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে। আটক ছিনতাইকারীকে হেফাজতে নিয়ে পলাতক অন্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।
এ.আই.এল/সকালবেলা
|