শাহজালাল মাজারের দানবাক্সে পাওয়া গেল ৪৭ লাখ টাকা

প্রকাশ: শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:৫২ অপরাহ্ণ
শাহজালাল মাজারের দানবাক্সে পাওয়া গেল ৪৭ লাখ টাকা

সিলেট ব্যুরো: মাত্র ১৮ দিনের ব্যবধানে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪৭ লাখ ১০ হাজার ২৫৩ টাকা পাওয়া গেছে। নগদ টাকার পাশাপাশি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, সোনা, রুপা ও সোনা-সদৃশ ধাতব বস্তুও জমা পড়েছে।

আজ শনিবার (১১ জুলাই) বিকেল ৬টায় প্রকাশ্যে দ্বিতীয়বারের মতো দানবাক্সের টাকা গণনা শেষে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও মাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন।

নগদ টাকা ও অলঙ্কারের পাশাপাশি এই কয়দিনে মাজারে ১টি গরু ও ৬৫টি ছাগল দান করা হয়েছে। গরুটি মাজারের তবারক হিসেবে রান্না করে বিতরণ করা হয়েছে। ছাগলের মধ্যে ৪০টি রান্না করা হয়েছে এবং বাকি ২৫টি উন্মুক্ত বিক্রির মাধ্যমে ২ লাখ ২৫ হাজার ৪৫০ টাকা পাওয়া গেছে।

জেলা প্রশাসন ও মাজার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, দানবাক্সে দেশীয় মুদ্রার পাশাপাশি বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে সৌদি আরবের ১০৫ রিয়াল, যুক্তরাষ্ট্রের ২০ ডলার, ভারতের ২,৫৩২ রুপি, কাতারের ২২ দিরহাম, মালয়েশিয়ার ৬ রিঙ্গিত, ওমানের ১ দিনার ৪৫০ পয়সা, ২০ ইউরোসহ সংযুক্ত আরব আমিরাত, হংকং, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও সিঙ্গাপুরের মুদ্রা। এছাড়া ৯ গ্রাম সোনা, ১০ গ্রাম সোনা-সদৃশ ধাতু এবং ৩৯.৪ গ্রাম রুপা পাওয়া গেছে।

এর আগে গত ২২ জুন মাজারের ৭০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো প্রকাশ্যে দানবাক্স খুলে ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া গিয়েছিল, যা সোনালী ব্যাংকের বিশেষ অ্যাকাউন্টে জমা রয়েছে।

দানবাক্স খুলে এবার বিপুল অর্থের পাশাপাশি মানুষের আশা-আকাঙ্ক্ষা, বিচারপ্রত্যাশা ও ভালোবাসার আবেগে লেখা অসংখ্য চিরকুট পাওয়া গেছে। জেলা প্রশাসনের উপস্থিতিতে মাজারের ৩টি ঐতিহাসিক ডেগ এবং ছোট-বড় ৫টি দানবাক্স গণনার সময় এসব চিরকুট উদ্ধার করা হয়।

এর মধ্যে মোহাম্মদ জুবায়ের আহমদ নামে এক ব্যক্তির লেখা চিরকুটটি বেশ নজর কেড়েছে। তিনি দেশজুড়ে ধর্ষণ ও হত্যার দ্রুত বিচার, মাদক নিয়ন্ত্রণ এবং দেশের বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে বার্তাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে লিখেছেন বলে উল্লেখ করেন। চিরকুটের শেষে লেখা ছিল ‘লাভ ইউ বাংলাদেশ’।

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে আমিনুল নামের এক ব্যক্তির লেখা চিরকুট। সেখানে তিনি আল্লাহর কাছে স্ত্রী মুন্নির সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান, দাম্পত্য সুখ ও শত্রুর অনিষ্ট থেকে রক্ষার প্রার্থনা করেন। স্ত্রীকে ‘অনেক অনেক ভালোবাসি’ উল্লেখ করা সেই আবেগঘন চিঠিটি নেটিজেনদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এছাড়া অন্যান্য চিরকুটে চাকরি পাওয়ার মানত, প্রশাসনিক অনিয়মের অভিযোগ ও মাজারের ব্যবস্থাপনা নিয়ে নানা পরামর্শ উঠে এসেছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন