গণঅভ্যুত্থানের দুই বছর: বরিশালে গর্ব-বেদনার নানা আলোচনা

প্রকাশ: শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৭:০৯ অপরাহ্ণ
গণঅভ্যুত্থানের দুই বছর: বরিশালে গর্ব-বেদনার নানা  আলোচনা

সাঈদ পান্থ, বরিশাল: ২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দুই বছর পূর্ণ হলো। এই দুই বছরে আন্দোলনের স্মৃতি যেমন গর্বের, তেমনি শহীদ পরিবার, আহত যোদ্ধা ও আন্দোলনে অংশ নেওয়া অনেকের কাছে রয়ে গেছে বিচার, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ার বেদনা। বরিশালে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি, শহীদ পরিবার, রাজনৈতিক নেতা ও প্রশাসনের প্রতিনিধিদের বক্তব্যে এই পূর্ণতা ও অপূর্ণতার চিত্র ফুটে উঠেছে।

জুলাই আন্দোলনে আহত এবং বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার স্মৃতিচারণ করে বলেন, ২০২৪ সালের ১৯ জুলাই আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলি ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। তিনি আন্দোলনের সময় হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

ঢাকায় নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে ২০২৪ সালের ১৯ জুলাই শহীদ হওয়া আব্দুল্লাহ আল আবিরের বাবা মিজানুর রহমান ও মা পারভিন সুলতানা বলেন, দুই বছর পার হলেও সন্তান হারানোর শোক আজও কাটেনি। কোনো রাজনৈতিক দল বা দায়িত্বশীল মহল তাদের খোঁজ নেয়নি। তারা সন্তানের হত্যার বিচার এবং শহীদ পরিবারের প্রতি রাষ্ট্রের আরও দায়িত্বশীল ভ‚মিকা প্রত্যাশা করেন।

আন্দোলনের অন্যতম অংশগ্রহণকারী ফারজানা অনিমা বলেন, স্বৈরাচারের পতনে তারা আনন্দিত হলেও আন্দোলনের চেতনাকে বিভক্তির পরিবর্তে দেশ গঠনের কাজে ব্যবহার করা উচিত। তৃণমূল বিএনপি নেতা উলফাত রুবেল বলেন, জুলাই আন্দোলন দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অর্জিত ফসল। দীর্ঘ ১৭ বছর ধরে চলা স্বৈরাচার বিরোধী আন্দোলনের ধারাবাহিকতাতেই এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফ্রন্ট বরিশাল মহানগরের আহবায়ক এলবার্ট রিপন বল্লব বলেন, আন্দোলনের মূল লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা। অন্যদিকে, বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন আন্দোলনের সেই কঠিন দিনগুলোতে নেতাকর্মীদের ওপর হওয়া জুলুম ও চিকিৎসার বাধার কথা তুলে ধরেন।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আবু নাছের রহমতউল্লাহ বলেন, জুলাই আন্দোলন ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্য দিয়েই নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মো. আব্দুল হান্নান বলেন, জুলাই-আগস্ট আন্দোলন সংশ্লিষ্ট মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে পুলিশ কাজ করছে এবং এ বিষয়ে একটি বিশেষ মনিটরিং সেলও সক্রিয় রয়েছে।

বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার বলেন, জুলাই আন্দোলনের দুই বছর পরও জনগণের অনেক প্রত্যাশা পূরণ হয়নি। তবে আহত আন্দোলনকারী ও শহীদ পরিবারের চিকিৎসা, পুনর্বাসন ও সহায়তার জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। জুলাই আন্দোলনের অবদান কখনোই বিস্মৃত হবে না।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন