নরসিংদীতে অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ

প্রকাশ: রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪২ অপরাহ্ণ
নরসিংদীতে অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ

মো নুরনবী সানি, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলার ঐতিহ্যবাহী সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। 

রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে কলেজ চলাকালীন অধ্যক্ষের নিজ দপ্তরে এই হামলার ঘটনা ঘটে।

অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন জানান, সকালে তিনি তাঁর দপ্তরে বসে দাপ্তরিক কাজ করছিলেন। এ সময় একদল চিহ্নিত বহিরাগত সন্ত্রাসী অতর্কিতভাবে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে এবং সরাসরি তাঁর কক্ষে ঢুকে পড়ে। সন্ত্রাসীরা তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং এক পর্যায়ে তাঁর ওপর হামলা চালিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে। তাঁকে টেনে-হিঁচড়ে কক্ষের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টাও করা হয়।

অধ্যক্ষের চিৎকার শুনে কলেজের অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা দ্রুত এগিয়ে এলে সন্ত্রাসীরা তাঁদেরও প্রাণনাশের হুমকি দেয়। পরিস্থিতি বেগতিক দেখে হামলাকারীরা দ্রুত ক্যাম্পাস ত্যাগ করে চলে যায়। এই ঘটনায় বর্তমানে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই কলেজে পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অধ্যক্ষের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন জানিয়েছেন, তিনি এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন