রূপগঞ্জে দেবরের পিটুনিতে ভাবি নিহত, গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে নাসিমা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর দেবর ও স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় দেবর, দেবরপত্নী ও দেবর জামাতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নাসিমা বেগম ওই এলাকার বাবুল মীরের স্ত্রী।
গ্রেপ্তারকৃতরা হলেন— নিহত নাসিমা বেগমের দেবর আলাল মিয়া, আলালের স্ত্রী জোসনা বেগম এবং তাঁদের মেয়ের জামাই শাকিল মিয়া।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, বাবুল মীর নিজের জমিতে ভবন নির্মাণের কাজ শুরু করলে সীমানা নিয়ে ভাই আলাল মিয়ার সঙ্গে বিরোধ দেখা দেয়। বৃহস্পতিবার সন্ধ্যায় এ বিষয় নিয়ে বাবুল মীরের স্ত্রী নাসিমা বেগমের সঙ্গে আলাল মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আলাল, তাঁর স্ত্রী জোসনা ও মেয়ের জামাই শাকিলসহ ৫-৬ জন দেশীয় অস্ত্র ও রড দিয়ে নাসিমা বেগমকে বেধড়ক পেটান।
পরে গুরুতর আহত অবস্থায় নাসিমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক রঞ্জুর রহমান জানান, এ ঘটনায় পাঁচজনকে আসামি করে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। জড়িত তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এআইএল/সকালবেলা
|