সিলিংয়ে ঝুলছিল মা, মেঝেতে নিথর শিশু
বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে নিজ বসতঘর থেকে এক গৃহবধূ ও তাঁর চার বছর বয়সী কন্যাসন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আনাইতারা ইউনিয়নের ধুপুরিয়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ধুপুরিয়া গ্রামের রাজমিস্ত্রি রাজীব হোসেনের স্ত্রী কনিকা আক্তার (২২) এবং তাঁদের চার বছরের শিশুসন্তান রাজিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে রাজীব ও কনিকার বিয়ে হয়। তবে দাম্পত্য জীবনের শুরু থেকেই তাঁদের মধ্যে নানা বিষয় নিয়ে পারিবারিক কলহ লেগে থাকত। বৃহস্পতিবার রাতে স্বামী রাজীব সিলেটে ভ্রমণে যান। শুক্রবার সকালে কনিকা মেয়েকে সঙ্গে নিয়ে বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। তবে অভিযোগ উঠেছে, শ্বশুর নাজিমউদ্দিন ও শাশুড়ি পথেই তাঁকে বাধা দেন এবং জোরপূর্বক বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন।
বাড়িতে ফিরে কনিকা মেয়কে নিয়ে নিজের শোবার ঘরে ঢুকে ভেতর থেকে দরজা আটকে দেন। কিছু সময় পর ঘর থেকে শিশু রাজিয়ার আর্তচিৎকার শুনতে পান আশপাশের মানুষ। স্থানীয়রা দ্রুত ছুটে এসে দরজা ভেঙে ভেতরে ঢুকলে কনিকাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। একই ঘরের মেঝেতে নিথর হয়ে পড়ে ছিল শিশু রাজিয়ার দেহ।
সংবাদ পেয়ে মির্জাপুর থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুজনের লাশ উদ্ধার করে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশুটির মৃত্যুর আসল কারণ এবং পুরো ঘটনার পেছনের রহস্য উদঘাটনে গভীর তদন্ত শুরু করেছে পুলিশ।
এআইএল/সকালবেলা
|