সিরাজগঞ্জ-পাবনায় বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

প্রকাশ: বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ণ
সিরাজগঞ্জ-পাবনায় বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

আব্দুর রাজ্জাক বাবু (সিরাজগঞ্জ প্রতিনিধি): আত্মসমর্পণকারী ৬৫ জন চরমপন্থীর দেওয়া তথ্য এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২)।

বুধবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুলে এসআরবি-১২-এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত ডিআইজি ও অধিনায়ক আতিকুর রহমান।

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ৯৫টি দেশীয় অস্ত্র, ১৫টি ম্যাগাজিন এবং ৮টি ওয়াকিটকি।

সংবাদ সম্মেলনে অধিনায়ক আতিকুর রহমান জানান, সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া ও সলঙ্গা এবং পাবনা জেলার সাঁথিয়া ও আতাইকুলা এলাকা থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলো আত্মসমর্পণকারী চরমপন্থীদের হেফাজতে ছিল।

তিনি আরও জানান, গত ১ নভেম্বর সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের উপস্থিতিতে তিন জেলার ৬৫ জন চরমপন্থী এসআরবি-১২-এর কাছে আত্মসমর্পণ করেন। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব অস্ত্র, গোলাবারুদ ও যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়।

এআইএল/সকালবেলা