কুমিল্লায় আন্তজেলা ডাকাত সর্দার গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ণ
কুমিল্লায় আন্তজেলা ডাকাত সর্দার গ্রেপ্তার

হাবিবুর রহমান মুন্না (কুমিল্লা): কুমিল্লার মুরাদনগরে অস্ত্রের মুখে মাছ ব্যবসায়ী ও চালককে জিম্মি করে ইলিশবোঝাই পিকআপ ও নগদ টাকা লুটের ঘটনায় প্রায় দুই মাস পর আন্তজেলা ডাকাত দলের সর্দার ইদ্রিস মিয়াকে (২৭) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১১)। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির ১৯টি মামলা রয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে ঢাকার যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৪ নভেম্বর) এসআরবি-১১-এর সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক ও উপপরিচালক মেজর সাদমান ইবনে আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেপ্তার ইদ্রিস মিয়া নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজিপুর চৌমুহনী গ্রামের মৃত হেকিম আব্দুল মান্নানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর রাতে লক্ষ্মীপুর সদর এলাকার মাছ ব্যবসায়ী বেল্লাল হোসেন চট্টগ্রামের ফিশারিঘাট থেকে ইলিশ কিনে পিকআপযোগে কুমিল্লার বিভিন্ন বাজারে যাচ্ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে মুরাদনগর উপজেলার নিয়ামতপুর এলাকায় পৌঁছালে সাদা রঙের একটি পিকআপ দিয়ে তাঁদের গতিরোধ করে ডাকাত দল। পরে ১০ থেকে ১২ জনের একদল দুর্বৃত্ত মারধর করে তাঁদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে রেখে সাড়ে ৯ লাখ টাকা মূল্যের ইলিশবোঝাই পিকআপ ও নগদ ৭১ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন মুরাদনগর থানায় ডাকাতির মামলা করা হয়।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১ কুমিল্লা ও এসআরবি-১০ যাত্রাবাড়ীর যৌথ দল শনির আখড়ায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ইদ্রিস একটি আন্তজেলা ডাকাত দলের নেতৃত্ব দিয়ে আসছিলেন। তাঁরা দেশের বিভিন্ন এলাকায় প্রবাসী ও ব্যবসায়ীদের লক্ষ্য করে ডাকাতি সংঘটিত করতেন।

গ্রেপ্তার ইদ্রিস মিয়াকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মুরাদনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

এআইএল/সকালবেলা