জামালপুরে অবৈধভাবে মাটি উত্তোলন, ড্রেজার মালিকের কারাদণ্ড

প্রকাশ: সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ণ
জামালপুরে অবৈধভাবে মাটি উত্তোলন, ড্রেজার মালিকের কারাদণ্ড

মোঃ ইমরান মাহমুদ (জামালপুর প্রতিনিধি): জামালপুরের মেলান্দহে রৌমারী বিল থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের অপরাধে মনছুর (২৮) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের শেখসাদী ও টুপকারচর এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন জামালপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন কাওছার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত মনছুর দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে রৌমারী বিল থেকে মাটি বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে আটক করা হয় এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন কাওছার জানান, পরিবেশ ও জনস্বার্থে অবৈধভাবে মাটি বা বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা