ফেনীতে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রকাশ: রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ণ
ফেনীতে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

এম. জহিরুল হক মিলন, ফেনী: ফেনী সীমান্তে চোরাচালান বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ১ কোটি ১ লক্ষ ৭৯ হাজার ৭৫ টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাই ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ রবিবার (১২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর একটি বিশেষ টহল দল এই সফল অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, ফেনী জেলার পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা এবং চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় একযোগে এই অভিযান চালানো হয়।

অভিযানকালে চোরাকারবারীদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, কসমেটিক্স সামগ্রী, চকলেট এবং বিভিন্ন প্রকার অবৈধ ঔষধ জব্দ করতে সক্ষম হয় বিজিবির টহল দল। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১ লক্ষ ৭৯ হাজার ৭৫ টাকা বলে বিজিবি নিশ্চিত করেছে। জব্দকৃত চোরাচালানের মালামাল পরবর্তী আইনি ও বিভাগীয় কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, পুশইন প্রতিরোধ এবং সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। দেশের অর্থনীতি রক্ষায় যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে ৪ বিজিবির আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও জোরদার থাকবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন