নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
নিজস্ব প্রতিবেদক: নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চার সদস্যকে গলা কেটে হত্যার এক নৃশংস ঘটনা ঘটেছে। সোমবার (২০ এপ্রিল) মধ্যরাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের একটি বাড়িতে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। মঙ্গলবার সকালে চারজনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন— বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩২), তাঁর স্ত্রী পপি সুলতানা (২৫), তাঁদের ৯ বছরের ছেলে পারভেজ এবং ৩ বছরের শিশু কন্যা সাদিয়া আক্তার।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ফজরের নামাজের পর প্রতিবেশীরা হাবিবুরের বাড়ির দরজা খোলা দেখে কৌতুহলী হয়ে ভেতরে প্রবেশ করেন। সেখানে চারজনের রক্তাক্ত ও গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে নিয়ামতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।
প্রাথমিকভাবে এলাকাবাসী ও নিহতদের স্বজনদের ধারণা, জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের কোনো বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে। নিহত পপি আক্তারের বাবা মোয়াজ্জেম হোসেন এই নৃশংস ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের ফাঁসির দাবি জানিয়েছেন।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। চারজনকেই ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।
জান্নাত/সকালবেলা
|