টুঙ্গিপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ণ
টুঙ্গিপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

পলাশ চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।

প্রধান অতিথির বক্তব্যে এস এম জিলানী বলেন, "মৎস্য সম্পদ আমাদের জাতীয় জীবনে আমিষের চাহিদা পূরণে অসামান্য ভূমিকা পালন করে আসছে। সারা দেশে মৎস্য সম্পদ রক্ষায় আমাদের কার্যকর ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে প্রজনন মৌসুমে মা মাছ রক্ষায় সকলকে যত্নশীল হতে হবে।"

তিনি আরও বলেন, দেশীয় প্রজাতির মাছের প্রাচুর্য বাড়াতে সরকারি বিধিমালা মেনে অভয়াশ্রম তৈরির মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করতে হবে এবং যত্রতত্র বিদেশি প্রজাতির মাছ চাষ থেকে বিরত থাকতে হবে।

আলোচনা সভা শেষে উপজেলার সফল ও শ্রেষ্ঠ মৎস্যজীবীদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়। পরে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন