সোনারগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত
মো. মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনা শিল্পাঞ্চল এলাকায় একটি লবণ কোম্পানিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মেহেদী হাসান (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যার দিকে মেঘনা শিল্পাঞ্চলের প্রতাপের চর এলাকায় অবস্থিত ‘ফ্রেশ সল্ট’ কারখানায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান উপজেলার সনমান্দি ইউনিয়নের ঈমানের কান্দি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি ফ্রেশ সল্ট কোম্পানিতে গ্যাস সিলিন্ডার লোড-আনলোডের কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সন্ধ্যায় কাজের সময় হঠাৎ একটি সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে মেহেদী হাসান ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মারা যান।
খবর পেয়ে সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ কুমার ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কারখানায় নিরাপত্তা ব্যবস্থার কোনো ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই ঘটনায় নিহতের পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এ.আই.এল/সকালবেলা
|