জামালপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অবস্থান
মোঃ জাকির হোসাইন রাজু (ভালুকা, ময়মনসিংহ): জামালপুরের মেলান্দহ উপজেলায় চার বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ের স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন দুই সন্তানের জননী এক নারী।
সোমবার (১২ অক্টোবর) দুপুর থেকে উপজেলার নাংলা ইউনিয়নের রূপসীহাঁটা গ্রামে প্রেমিক আলী হোসেনের বাড়িতে এই অবস্থান কর্মসূচি শুরু হয়।
ভুক্তভোগী ওই নারী নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় কর্মরত। তিনি জানান, প্রায় চার বছর আগে ফেসবুকের মাধ্যমে ২২ বছর বয়সী আলী হোসেনের সঙ্গে তাঁর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চাকরি করে উপার্জিত টাকা থেকে তিনি নিয়মিত প্রেমিককে আর্থিক সহায়তা দিতেন। তাঁর অভিযোগ, বিয়ের প্রলোভনে সম্পর্কের একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে প্রেমিকের পরামর্শেই গর্ভপাত করাতে বাধ্য হন।
ভুক্তভোগী নারী আরও জানান, গত শুক্রবার থেকে রবিবার পর্যন্ত তাঁরা মেলান্দহের ডেফলা এলাকায় এক আত্মীয়ের বাড়িতে স্বামী-স্ত্রীর মতো অবস্থান করেন। রবিবার দুপুরে মেলান্দহ উপজেলা পরিষদ এলাকায় এলে আলী হোসেন জরুরি প্রয়োজনের কথা বলে সেখান থেকে কৌশলে সটকে পড়েন। পরবর্তীতে প্রেমিকের সন্ধান না পেয়ে তিনি রূপসীহাঁটা গ্রামে আলী হোসেনের বাড়িতে গিয়ে অবস্থান নেন।
এদিকে তরুণী বাড়িতে অবস্থান নেওয়ার পর থেকেই প্রেমিক আলী হোসেন ও তাঁর পরিবারের সদস্যরা ঘর ছেড়ে পালিয়েছেন। ঘটনার বিষয়ে বক্তব্য জানতে আলী হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এআইএল/সকালবেলা