মুসলিম নারীকে প্রতারণা করে বিয়ে, হিন্দু যুবকের বিরুদ্ধে মামলা
সকালবেলা অনলাইন: নোয়াখালীর চাটখিল উপজেলার দেলিয়াই বাজার সংলগ্ন এলাকায় পরিচয় ও ধর্ম গোপন করে টিকটকের সুবাদে পরিচিত এক মুসলিম নারীকে প্রতারণামূলক বিয়ের অভিযোগ উঠেছে এক হিন্দু যুবকের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় জনতা তাঁদের আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মাহমুদা (২৬) কুমিল্লার বরুড়া উপজেলার এবং অভিযুক্ত যুবক শিমুল (২৮) নোয়াখালীর সুবর্ণচর উপজেলার বাসিন্দা। শিমুল স্থানীয় দেলিয়াই বাজারের একটি সেলুনে কাজ করতেন। প্রায় তিন বছর আগে টিকটকের মাধ্যমে তাঁদের পরিচয় ও ঘনিষ্ঠতা গড়ে ওঠে।
অভিযোগে প্রকাশ, পরিচয়ের একপর্যায়ে যুবকটি প্রেমাবেগে ওই নারীকে ফুসলিয়ে নিজের কাছে নিয়ে যান। পরবর্তী সময়ে দেশের প্রচলিত আইন ও সামাজিক রীতি তোয়াক্কা না করে সিঁদুর পরিয়ে বিয়ে করেন এবং প্রায় ৯ মাস একত্রে বসবাস করেন। পরবর্তীতে ভুক্তভোগীকে তাঁর বাবার বাড়ি পাঠিয়ে দিয়ে যুবকটি অন্য এক নারীকে বিয়ে করেন এবং যোগাযোগ বন্ধ করে দেন।
পরবর্তীতে বিষয়টি সামাজিক পর্যায়ে চাউর হলে এলাকাবাসী দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ জানান, ঘটনার প্রাথমিক স্থান চাটখিল সংলগ্ন লক্ষ্মীপুর জেলা সীমানার ভেতরে হওয়ায় অভিযুক্ত শিমুলের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত ও ভুক্তভোগীকে আইনানুগ ব্যবস্থার জন্য লক্ষ্মীপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
এআইএল/সকালবেলা
|