স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: সুন্দরগঞ্জে যুবক আটক
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এমপিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে এস এম মিজানুর রহমান (২৪) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
আজ শুক্রবার (১২ জুন) দুপুরে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। আটক মিজানুর রহমান উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামের মো. তোফাজ্জল হোসেনের ছেলে। তবে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ওই যুবক মানসিকভাবে কিছুটা অসুস্থ।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিজানুর রহমান তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে লক্ষ্য করে একটি আপত্তিকর ও ব্যঙ্গাত্মক পোস্ট প্রকাশ করেন। ওই পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পাদিত (এডিটেড) একটি ছবি ব্যবহার করে ‘আন্টি ক্ষমতায় আসতে না আসতেই ব্যাংক খেয়ে ফেলতেছে’ শীর্ষক কটূক্তিমূলক ক্যাপশন যুক্ত করা হয়। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সুন্দরগঞ্জ উপজেলা ও ছাপড়হাটী ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
পোস্টটি নজরে আসার পর গতকাল বৃহস্পতিবার (১১ জুন) রাত আনুমানিক ১টার দিকে স্থানীয় বিএনপির ক্ষুব্ধ নেতাকর্মীরা উপজেলার একটি স্থান থেকে মিজানুর রহমানকে আটক করেন। পরে রাতেই তাকে সুন্দরগঞ্জ থানা-পুলিশের হাতে সোপর্দ করা হয়।
ছাপড়হাটী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোখলেছুর রহমান মুকুল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “দেশের সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের শীর্ষ নেতাকে নিয়ে ফেসবুকে অত্যন্ত আপত্তিকর, কুরুচিপূর্ণ ও অসম্মানজনক পোস্ট দিয়ে এলাকায় উসকানি ছড়ানোর কারণে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।”
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, “স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ওই যুবককে একটি ফেসবুক পোস্টের জেরে আটক করে থানায় নিয়ে আসেন। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে আনা ডিজিটাল বা প্রচলিত আইনের অভিযোগটির সত্যতা ও গভীরতা তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে তাঁর মানসিক অবস্থা কেমন তাও যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এআইএল/সকালবেলা
|