বিশ্বকাপের জয় উদযাপন করতে গিয়ে মেক্সিকোতে ৩ সমর্থকের মৃত্যু
মঙ্গলবার রাতের সেই উদযাপনে অংশ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ১৯ বছর বয়সী এক তরুণী, ৪৮ বছর বয়সী এক নারী এবং ৪৪ বছর বয়সী এক পুরুষ। বুধবার মেক্সিকো সিটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এই মর্মান্তিক তথ্য নিশ্চিত করেছে। তারা জানায়, ধারণক্ষমতার বাইরে অতিরিক্ত জনসমাগমে তৈরি হওয়া প্রচণ্ড চাপ ও শ্বাসরোধের কারণেই তাদের মৃত্যু হয়েছে।
মেক্সিকো সিটি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, দীর্ঘ ৪০ বছর পর দেশের প্রথম বিশ্বকাপ নকআউট জয়ের আনন্দে মেক্সিকোর কেন্দ্রস্থল ‘অ্যাঞ্জেল অব ইনডিপেনডেন্স’ স্মৃতিস্তম্ভসহ আশপাশের রাজপথগুলোতে ১০ লাখেরও বেশি মানুষ জড়ো হয়েছিলেন।
এই মর্মান্তিক ঘটনার পর মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন এবং আসন্ন দিনগুলোতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ ফুটবল সমর্থকদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলেন, ‘সবসময় দায়িত্বশীলতা, চরম সতর্কতা ও মানবিকতা বজায় রেখে যেকোনো বিজয় উদযাপন করুন।’
উদ্ধারকারী দল সূত্রে জানা গেছে, উদযাপনের সময় শহরের বিভিন্ন স্পট থেকে জরুরি সেবা কর্মীরা অচেতন অবস্থায় ওই তিনজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসকরা সব চেষ্টার পরও তাদের বাঁচাতে পারেননি। পরে চিকিৎসকরা নিশ্চিত করেন, মাত্রাতিরিক্ত ভিড়ে অক্সিজেনের অভাব ও শ্বাসরোধই ছিল তাদের মৃত্যুর মূল কারণ।
উল্লেখ্য, বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ মহানগর মেক্সিকো সিটিতে প্রায় দুই কোটিরও বেশি মানুষের বসবাস। আর দেশের ঐতিহাসিক ফুটবল জয় উদযাপনে এক রাতেই সেখানকার রাস্তায় নেমে এসেছিলেন প্রায় ১০ লাখ মানুষ, যা শেষ পর্যন্ত এই বড় ট্র্যাজেডিতে রূপ নিল।
|