জীর্ণ ঘরে ভোলা দম্পতির মানবেতর জীবনযাপন
আব্দুল্লাহ আল মামুন, যশোর: আধুনিকতার এই যুগেও এক জীর্ণ-শীর্ণ ঘরে স্ত্রীকে নিয়ে চরম মানবেতর দিন কাটাচ্ছেন যশোরের মণিরামপুর উপজেলার ৫ নম্বর হরিদাসকাটি ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের মানসিক প্রতিবন্ধী নিখিল বৈরাগী 'ভোলা'।
নিজের জমিজমা ও স্থায়ী আয় না থাকায় স্থানীয় চায়ের দোকানে কাঠ সংগ্রহ করে দিনশেষে পাওয়া মাত্র ৫০ থেকে ৮০ টাকায় কোনোমতে চলে তাঁর সংসার। একমাত্র ছেলে মহাদেব বৈরাগী মাছের ঘেরে শ্রমিকের কাজ করে নিজের সংসার চালাতেই হিমশিম খান, ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও বৃদ্ধ মা-বাবার পাশে দাঁড়াতে পারেন না।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, সংশ্লিষ্ট ওয়ার্ডে একজন পুরুষ ও একজন সংরক্ষিত নারী সদস্য থাকা সত্ত্বেও বছরের পর বছর ধরে অসহায় এই পরিবারটি সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাইরে রয়ে গেছে। জমিহীনদের ঘর প্রদান কিংবা প্রতিবন্ধী ভাতার মতো সরকারি সুযোগ-সুবিধা আজও মেলেনি তাঁদের।
বিষয়টি নিয়ে ওয়ার্ড সদস্য সজল মল্লিক স্বীকার করেছেন যে নিখিল বৈরাগী বর্তমানে কোনো সরকারি ভাতা পান না।
এ বিষয়ে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেন জানান, তিনি দ্রুত সরেজমিনে ওই পরিবারের খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এআইএল/সকালবেলা