রাতের শেষ প্রহরে যে ৫ আমল করবেন

প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ণ
রাতের শেষ প্রহরে যে ৫ আমল করবেন

ইসলামী জীবন ডেস্ক: ইসলাম ধর্মে শেষ রাতের ইবাদত অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ফজিলতপূর্ণ। পবিত্র কুরআন ও হাদিসে শেষ রাতে জাগ্রত হয়ে বিভিন্ন আমল করার ওপর জোরালো উৎসাহ দেওয়া হয়েছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, "নিশ্চয়ই রাতে জাগরণ প্রবৃত্তি দমনে অধিক সহায়ক এবং স্পষ্ট উচ্চারণে অনুকূল।" (সুরা: মুজ্জাম্মিল, আয়াত: ৬)

১. দোয়া ও ইসতিগফার:শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং যেকোনো নেক হাজত বা প্রার্থনা পেশ করার শ্রেষ্ঠ সময় এটি। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "আমাদের রব প্রতি রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন, যখন রাতের এক-তৃতীয়াংশ বাকি থাকে। তিনি বলেন—কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব; কে আমার কাছে চাইবে, আমি তাকে দেব; কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব।" (সহিহ বুখারি, হাদিস: ১১৪৫)

২. আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও তাওবা: অন্য হাদিসে এসেছে, মহান আল্লাহ রাতে তাঁর দয়ার হাত প্রসারিত করেন যেন দিবসের অপরাধী ব্যক্তি তাঁর কাছে তাওবা করতে পারে। একইভাবে দিনে তিনি হাত প্রসারিত করেন যেন রাতের অপরাধী তওবা করে। পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত এই ক্ষমা ও তাওবার ধারা অব্যাহত থাকে। (সহিহ মুসলিম, হাদিস: ৬৮৮২)

৩. সাধ্যমতো নফল ও তাহাজ্জুদ নামাজ পড়া: শেষ রাতের তাহাজ্জুদ সালাত আদায়ের বিশেষ মর্যাদা রয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, "আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করো তোমার অতিরিক্ত দায়িত্ব হিসেবে। আশা করা যায়, তোমার রব তোমাকে প্রশংসিত অবস্থানে প্রতিষ্ঠিত করবেন।" (সুরা: বনি ইসরাঈল, আয়াত: ৭৯)

৪. পবিত্র কোরআন পাঠ করা: কুরআন তিলাওয়াত যেকোনো সময়ই সওয়াবের কাজ, তবে রাতের বেলা এই ইবাদতের মর্যাদা বহুগুণে বৃদ্ধি পায়। সুরা মুজ্জাম্মিলের প্রথম আয়াতে আল্লাহ বলেন, "হে বস্ত্রাবৃত! রাতে নামাজে দাঁড়ান, কিছু অংশ ছাড়া, রাতের অর্ধেক কিংবা তার চেয়ে কিছুটা কম। অথবা তার চেয়ে বাড়াও আর ধীরে ধীরে সুস্পষ্টভাবে কোরআন পাঠ করো।" (সুরা: মুজ্জাম্মিল, আয়াত: ১-৪)

৫. তাসবিহ ও জিকির করা: রাতের ইবাদত কেবল নামাজ বা কোরআন তিলাওয়াতেই সীমাবদ্ধ নয়, বরং নীরব পরিসরে আল্লাহর পবিত্রতা ঘোষণা ও তাসবিহ পাঠ করাও অত্যন্ত সওয়াবের কাজ। মহান আল্লাহ ইরশাদ করেছেন, "এবং রাতের একাংশেও তুমি তাঁর তাসবিহ পাঠ করো এবং নামাজের পরও।" (সুরা: কাফ, আয়াত: ৪০) অন্য আয়াতে এসেছে, "আর রাতের একাংশে তাঁর উদ্দেশে সিজদা কোরো এবং দীর্ঘ রাত ধরে তাঁর তাসবিহ পাঠ করো।" (সুরা: দাহর, আয়াত: ২৬)

মহান আল্লাহ আমাদের সবাইকে শেষ রাতের এসব বরকতময় আমল যথাযথভাবে আদায় করার তাওফিক দান করুন। আমিন।

সকালবেলা / নুসরাত