৬ বছরের দীর্ঘ বিরতি ভেঙে অভিনয়ে ফিরছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু

প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ণ
৬ বছরের দীর্ঘ বিরতি ভেঙে অভিনয়ে ফিরছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু

বিনোদন ডেস্ক: দীর্ঘ ছয় বছরেরও বেশি সময় ধরে বড় ও ছোট পর্দা থেকে দূরে থাকা জনপ্রিয় বলিউড অভিনেত্রী বিপাশা বসু অবশেষে অভিনয়ে ফিরছেন। প্রখ্যাত নির্মাতা হংসল মেহতার পরিচালনায় নাম ঠিক না হওয়া একটি নতুন ওয়েব সিরিজের মাধ্যমে তিনি এই কামব্যাক করছেন।

ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়ার অপেক্ষায় থাকা এই সিরিজটিতে বিপাশার সাথে আরও অভিনয় করছেন প্রতিশ্রুতিশীল অভিনেতা সানি কৌশল ও বিশাল জেঠওয়া। তবে সিরিজটির নাম, বিপাশার নির্দিষ্ট চরিত্র কিংবা মুক্তির আনুষ্ঠানিক তারিখ এখনো নির্মাতাদের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি।

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই ওয়েব সিরিজটির চিত্রনাট্য লিখেছেন কাশ্যপ কাপুর ও রাঘব রাজ কাক্কার। প্রযোজনা করছেন প্রভলীন সান্ধু, এবং তার প্রযোজনা প্রতিষ্ঠান 'আলমাইটি মোশন পিকচার্স'-এর ব্যানারে এটি নির্মিত হচ্ছে।

সিরিজের মূল পটভূমি গড়ে উঠেছে একটি ছোট শহরকে কেন্দ্র করে, যা পরবর্তীতে মহাদেশের অন্যতম প্রধান হেরোইন ব্যবসার কেন্দ্রে পরিণত হয়। সেখানে অপরাধজগতের নেটওয়ার্ক ও প্রভাব বৃদ্ধির ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। সিরিজে একজন সৎ ও আপসহীন পুলিশ কর্মকর্তার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সানি কৌশল। নিজের দায়িত্ব পালন করতে গিয়ে তাকে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত স্তরে নানা প্রভাবশালী মহলের মুখোমুখি হতে হয়। তবে বিপাশা বসু ও বিশাল জেঠওয়ার চরিত্রগুলোকে ঠিক কী ভূমিকায় দেখা যাবে, তা নিয়ে রহস্য বজায় রেখেছেন নির্মাতারা।

২০১৬ সালের এপ্রিলে অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকেই অভিনয় জগৎ থেকে কিছুটা দূরে সরে যান বিপাশা। বেশির ভাগ সময় তিনি পরিবার ও ব্যক্তিগত জীবনেই মনোনিবেশ করেছিলেন। পরবর্তীতে ২০২২ সালের নভেম্বরে এই দম্পতির কোলজুড়ে আসে কন্যাসন্তান দেবী।

এর আগে ২০২০ সালে স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গেই ‘ডেঞ্জারাস’ নামের একটি ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন বিপাশা, যা ছিল তাঁর অভিনীত সর্বশেষ উল্লেখযোগ্য কাজ। তারও আগে ২০১৫ সালের জানুয়ারিতে মুক্তি পাওয়া ভৌতিক সিনেমা ‘অ্যালোন’-এ যমজ বোনের দ্বৈত চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি।

দীর্ঘ বিরতির পর হংসল মেহতার মতো খ্যাতনামা নির্মাতার হাত ধরে বিপাশা বসুর এই প্রত্যাবর্তন তাঁর অভিনয়জীবনে নতুন এক মোড় আনবে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।