বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী
অনলাইন ডেস্ক: বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা, সামষ্টিক স্থিতিশীলতা আনয়ন এবং সরকারের মধ্য ও দীর্ঘমেয়াদি সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বিশ্বব্যাংক পূর্ণাঙ্গ সমর্থন ও সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সঙ্গে এক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে অর্থমন্ত্রী এই আশাবাদ ব্যক্ত করেন।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের সময় উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর অর্থনীতি এবং বৈশ্বিক যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক ধকল মোকাবিলা করতে হচ্ছে। বিশ্বব্যাংক বাংলাদেশের এই বাস্তবতা অনুধাবন করতে পেরেছে। অর্থনৈতিক সংকট কাটাতে সরকার যেসকল সময়োপযোগী নীতি ও কর্মসূচি গ্রহণ করেছে, তার সঙ্গে বিশ্বব্যাংক পুরোপুরি একমত পোষন করেছে।”
তিনি আরও জানান, বিএনপি সরকারের নির্বাচনি ইশতেহার এবং বর্তমান সরকারের ঘোষিত অর্থনৈতিক কাঠামোর সঙ্গে বিশ্বব্যাংকের অগ্রাধিকারের সামঞ্জস্য রয়েছে, যা দুই পক্ষের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পথকে আরও সহজ করেছে।
বিশ্বব্যাংকের কাছে সরকারের অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের ঋণ সহায়তা চাওয়া সংক্রান্ত বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, “এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। গণমাধ্যমে এ সংক্রান্ত কিছু ভুল প্রতিবেদন আমার নজরে এসেছে। আমি পরিষ্কার করে বলতে চাই—বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা একটি চলমান প্রক্রিয়া। আলোচনার ভিত্তিতে পরবর্তী পর্যালোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে, যার জন্য কয়েক মাস সময় লাগতে পারে।”
আন্তর্জাতিক আর্থিক সংস্থা বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর মূল্যস্ফীতি এবং জিডিপি প্রবৃদ্ধি সংক্রান্ত পূর্বাভাসের সঙ্গে সরকারের লক্ষ্যমাত্রার পার্থক্য নিয়ে প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, সরকার কোনো সংস্থার পূর্বাভাসকে বিতর্কিত করতে চায় না।
তিনি উল্লেখ করেন, প্রক্ষেপণগুলো যার যার নিজস্ব হিসাবের ওপর ভিত্তি করে তৈরি। তবে জাতীয় বাজেটে সরকারের পক্ষ থেকে যে অর্থনৈতিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা বাস্তবায়নে সরকার আশাবাদী এবং সময় গড়ালেই সূচকগুলোর ইতিবাচক প্রতিফলন দেখা যাবে।