৭ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় বিপজ্জনক অ্যাকশন দৃশ্য
নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় সন্তানের আগমনী বার্তার মাঝেই নিজের পেশাদারিত্বে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায়ও বিরতি না নিয়ে নিয়মিত শুটিং সেটে উপস্থিত হচ্ছেন এই অভিনেত্রী। শুধু উপস্থিতিই নয়, দক্ষিণি নির্মাতা অ্যাটলির বহুল প্রতীক্ষিত বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর ফ্যান্টাসি অ্যাকশন ছবি ‘রাকা’-র বেশ কিছু ঝুঁকিপূর্ণ ও পরিশ্রমসাধ্য অ্যাকশন দৃশ্যেও অংশ নিচ্ছেন তিনি।
আন্তর্জাতিক চলচ্চিত্রভিত্তিক মাধ্যম ভ্যারাইটি ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা গেছে, মাতৃত্বকালীন দীর্ঘ ছুটিতে যাওয়ার আগেই ‘রাকা’র নিজের অংশের সমস্ত কাজ শেষ করতে ব্যাক-টু-ব্যাক শিফটে কাজ করে যাচ্ছেন দীপিকা। এমনকি নির্দিষ্ট সময়ে প্রজেক্ট শেষ করার জন্য তিনি রাতের শিফটেও টানা দৃশ্য ধারণে অংশ নিচ্ছেন।
ছবিটির প্রযোজনার সঙ্গে যুক্ত এক ঘনিষ্ঠ সূত্র একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান, "মাতৃত্বকালীন বিরতিতে যাওয়ার আগে ছবির সমস্ত কাজ সম্পন্ন করার বিষয়ে দীপিকা অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ। গর্ভবতী অবস্থায় এত জটিল ও শারীরিক পরিশ্রমের অ্যাকশন দৃশ্যের শুটিং করা সত্যিই প্রশংসনীয়। একইসঙ্গে ঘরে থাকা দেড় বছর বয়সী কন্যা সন্তানের প্রতিও তিনি পুরো মনোযোগ বজায় রেখেছেন, যা শুটিং ইউনিটের জন্য বড় অনুপ্রেরণা।"
প্যান-ইন্ডিয়া বিগ বাজেট সিনেমা ‘রাকা’-তে দীপিকা পাড়ুকোনের বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করছেন দক্ষিণের মেগাস্টার আল্লু অর্জুন। জানা গেছে, ছবিতে আল্লু অর্জুনকে একাধিক ভিন্নধর্মী চরিত্রে দেখা যেতে পারে। ২০২৭ সালের অন্যতম প্রতীক্ষিত ও প্রযুক্তিভিত্তিক এই প্রজেক্টটিতে আন্তর্জাতিক মানের ভিএফএক্স ব্যবহার করা হচ্ছে। সিনেমাটির সুর ও সংগীত পরিচালনার দায়িত্বে আছেন উদীয়মান সুরকার সাই অভ্যাঙ্ককর।
উল্লেখ্য, এটিই প্রথম নয়; এর আগে নিজের প্রথম সন্তানসম্ভবা অবস্থায়ও নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি’ এবং রোহিত শেঠির ‘সিংগাম অ্যাগেইন’ সিনেমার ক্লাইম্যাক্সের জটিল অ্যাকশন দৃশ্যের শুটিং সফলভাবে শেষ করেছিলেন দীপিকা পাড়ুকোন। সব ঠিক থাকলে ২০২৭ সালের ডিসেম্বরে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিগ বাজেটের এই মেগা প্রজেক্টটি।
|