অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন অভিনেত্রী সাহিবা বালি
বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে নতুন প্রেমের গুঞ্জন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক রহস্যময় পোস্ট দিয়েছেন অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর সাহিবা বালি। সরাসরি প্রেমের বিষয়টি অস্বীকার বা স্বীকার না করলেও তার এই বার্তায় ছড়ানো গুঞ্জনের জবাবেরই স্পষ্ট ইঙ্গিত খুঁজে পাচ্ছেন ভক্তরা।
সোমবার (২০ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই সংক্রান্ত খবরের সত্যতা নিশ্চিত করা হয়।
ঘটনার সূত্রপাত সম্প্রতি লন্ডনের ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ চলাকালে। গ্যালারিতে অর্জুন কাপুর ও সাহিবা বালিকে পাশাপাশি বসে খেলা উপভোগ করতে দেখা যায়। সেই ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পরপরই তাদের দুজনকে ঘিরে প্রেমের চর্চা শুরু হয় বলিউডে।
গুঞ্জনের মুখে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অর্জুন কাপুরের সঙ্গে একটি ছবি শেয়ার করে সাহিবা বালি ক্যাপশনে লেখেন, "সব কিছু বিশ্বাস করবেন না— পর্ব ২।"
এর পেছনে অবশ্য একটি ছোট ইতিহাস রয়েছে। এর আগে অন্য একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ভুলবশত সাহিবাকে অভিনেত্রী আনুশকা শর্মা হিসেবে উল্লেখ করা হয়েছিল। সেই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে সাহিবা তখন লিখেছিলেন, "সব কিছু বিশ্বাস করবেন না— পর্ব ১।" এবার অর্জুনের সঙ্গে নাম জড়ানোর পর আবারও একই বাক্য ব্যবহার করে রসিকতার ছলে গুঞ্জনটি উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন তিনি।
২০১৮ সালে প্রখ্যাত নির্মাতা ইমতিয়াজ আলীর ‘লায়লা মজনু’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছিলেন সাহিবা বালি। পরবর্তীতে ‘বার্ড অব ব্লাড’, ‘অমর সিং চমকিলা’ ও ‘তানাভ’-এর মতো জনপ্রিয় প্রজেক্টে অভিনয় করে নজর কাড়েন। অভিনয়ের বাইরে বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন, পডকাস্ট ও ডিজিটাল কনটেন্ট তৈরির কাজেও বেশ জনপ্রিয় তিনি।
অন্যদিকে, দীর্ঘ ছয় বছর সম্পর্কে থাকার পর ২০২৪ সালে অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে অর্জুন কাপুরের বিচ্ছেদ ঘটে। কাজের ক্ষেত্রে অর্জুন কাপুরকে সর্বশেষ মুদাসসর আজিজ পরিচালিত ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ সিনেমায় দেখা গেছে, যেখানে তার সঙ্গে ছিলেন ভূমি পেডনেকর ও রাকুল প্রীত সিং। বর্তমানে নতুন কোনো সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেননি এই বলিউড তারকা।
|