‘যাকেই সমর্থন করি, সেই দলই বিদায় নেয়!’

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ণ
‘যাকেই সমর্থন করি, সেই দলই বিদায় নেয়!’

বিনোদন প্রতিবেদক: ফুটবল বিশ্বকাপ মানেই সমর্থকদের নানা বিশ্বাস, নির্দিষ্ট জার্সি পরে ম্যাচ দেখা কিংবা নির্দিষ্ট স্থানে বসে থাকা। তবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মুমতাহিনা চৌধুরী টয়ার বিশ্বাস ও অভিজ্ঞতাটা সম্পূর্ণ ভিন্ন এবং বেশ মজার। তাঁর দাবি, টুর্নামেন্টে তিনি যাকে বা যে দলকেই মন থেকে সমর্থন করছেন, কাকতালীয়ভাবে সেই দলই বিশ্বকাপ থেকে বিদায় নিচ্ছে!

গত বুধবার (১৫ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিওবার্তায় টয়া তাঁর এই অদ্ভুত ও মজার অভিজ্ঞতার কথা ভক্তদের সাথে শেয়ার করেছেন।

ভিডিওতে টয়া জানান, ২০২৬ বিশ্বকাপের শুরুতেই প্রিয় দল হিসেবে তিনি বরাবরের মতো ইউরোপিয়ান পরাশক্তি জার্মানিকে সমর্থন করেছিলেন। তবে তাঁর সমর্থন পাওয়ার পর দলটি রাউন্ড অব ৩২-এ টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে অপ্রত্যাশিতভাবে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়।

প্রিয় দল বিদায় নেওয়ার পর তিনি লাতিন পরাশক্তি ব্রাজিলের পক্ষে অবস্থান নেন, কিন্তু সেই দলও বেশিদূর এগোতে পারেনি। এরপর এশিয়ান জায়ান্ট জাপানের চমৎকার পারফরম্যান্স দেখে তাদের সমর্থন দিলেও শেষ রক্ষা হয়নি জাপানিদেরও।:

টানা কয়েকটি দলের এমন বিদায়ে নিজের সমর্থনের ওপরই সংশয় তৈরি হয়েছে এই অভিনেত্রীর। নিজের সমর্থক পরিচয় নিয়ে টয়া রসিকতার সুরে বলেন,

“আমি সিদ্ধান্ত নিয়েছি, জীবনের এই নিরীক্ষাটা এবার সত্যি সত্যি সিরিয়াসলি করব। পরবর্তী যে দলটাকে সমর্থন করব, সেই দলও যদি বাদ পড়ে যায়, তাহলে আমি মেনে নেব, সমস্যাটা সত্যিই আমার! তাই এবার আমি পরীক্ষামূলকভাবে আর্জেন্টিনাকেই সমর্থন করব। যদি আর্জেন্টিনা হেরে যায়, কিংবা শেষ পর্যন্ত কাপ জিততে ব্যর্থ হয়, তাহলে নিজেকে ‘কুফা ভক্ত’ হিসেবেই চিরতরে মেনে নেব।”

টয়া আরও যোগ করেন,

“আর্জেন্টিনা সমর্থনের পর যদি এই দলও হেরে যায়, তার পর থেকে হয়তো ফুটবল খেলা দেখাই বন্ধ করে দিতে হবে! একজন তীব্র ফুটবলপ্রেমী হিসেবে যদিও এটা আমার জন্য খুবই কষ্টের। আশপাশের মানুষ এখন আমাকে ‘কুফা ভক্ত’ বলে ডাকছে, তাই পুরো বিষয়টাকে একটা এক্সপেরিমেন্ট হিসেবে নিচ্ছি।”

ভিডিওর শেষভাগে অভিনেত্রী অন্য সমর্থকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন,

“আমাকে খুব বেশি বকাঝকা করবেন না আর এখনই ‘কুফা’ তকমা দিয়ে দেবেন না! আগে ফলাফলের জন্য অপেক্ষা করা যাক। আর আমার মতো যদি আর কোনো কপালপোড়া ভক্ত থেকে থাকেন, যাদের সমর্থনে প্রিয় দল বাদ পড়ে যায়— তারা কমেন্টে জানান। অন্তত জানতে পারব, আমি একা নই, আমাদের পুরো একটা দলই আছে!”

পছন্দের দলের বিদায় বেদনার হলেও পুরো বিষয়টি যে নিছকই হাস্যরসাত্মক ও কাকতালীয়, তা স্পষ্ট করে ভক্তদের সাথে আনন্দ ভাগ করে নিয়েছেন ঢালিউডের এই জনপ্রিয় মুখ।

মন্তব্য করুন